বঙ্গবন্ধু জনগণের অধিকারের বিষয়ে ছাড় দেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফাঁসির মঞ্চে গিয়েও জনগণের অধিকারের বিষয়ে ছাড় দেননি। তিনিই সংবিধানে দিয়ে গেছেন, জনগণ হলো ক্ষমতার মালিক।
গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় ড. কামাল এসব কথা বলেন। বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে ‘আমরাও নাগরিক’ নামের একটি সংগঠন ‘গরিবের জন্য বঙ্গবন্ধু’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।
কামাল হোসেন বলেন, পশ্চিম পাকিস্তানিদের হাতে ছিল বন্দুক। বঙ্গবন্ধু শিক্ষা দিয়েছেন, জনগণ হলো ক্ষমতার মালিক। বারবার সেই জনগণের বিজয় দেখা গেছে। যেহেতু প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, তাই রাষ্ট্রকে জনগণের কথা শুনতে হবে। আলোচনা সভায় শ্রোতা হিসেবে অংশগ্রহণকারীদের বড় অংশ ছিল বস্তিবাসী। তাদের উদ্দেশে কামাল হোসেন বলেন, ‘জনগণ অসহায় না। বাঙালি কোনো দিন অসহায় না। আইয়ুব-ইয়াহিয়ার মতো স্বৈরশাসকেরাও জনগণকে দাবিয়ে রাখতে পারেনি।’
বঙ্গবন্ধুর স্মৃতিচারণা করে ড. কামাল বলেন, বঙ্গবন্ধু দেখিয়েছেন কীভাবে মাথা উঁচু করে নেতৃত্ব দিতে হয়। তিনি এখনো সবার প্রেরণার শক্তি হয়ে আছেন।
সভায় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি ছিল সুবিধাবঞ্চিত মানুষের পক্ষের রাজনীতি। তিনি সারা জীবন বঞ্চিত, নির্যাতিত মানুষের পাশে ছিলেন। তাঁদের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। এ কারণে বারবার তাঁকে জেল-জুলুমের শিকার হতে হয়েছে। বঙ্গবন্ধু ছিলেন গরিব মানুষের নেতা।