আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা যত্রতত্র বঙ্গবন্ধু, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত নিয়ে কটাক্ষ করবে তাদের বিরুদ্ধে আইন করে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু স্মৃতি ফাউন্ডেশন’ আয়োজিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও জাতির জনককে নিয়ে কেউ কটাক্ষ করবে, তা হতে পারে না। বারবার এ দেশে বঙ্গবন্ধুকে ছোট করার চেষ্টা করা হয়েছে। ইতিহাস বিকৃতির অপতৎপরতা হয়েছে। কিন্তু সত্যকে ঢাকা যায়নি। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছেন এবং বাস্তবায়ন করেছেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আপনি কি চিন্তা করে দেখেছেন? আপনার নাবালক ছেলেকে থামান। জনগণকে জিম্মি করে আন্দোলন করতে চান, হবে না।’
সম্প্রতি খালেদা জিয়ার ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া লন্ডনে এক মতবিনিময় সভায় বলেন, ‘১৯৭২ সালে শেখ মুজিব ছিলেন অবৈধ প্রধানমন্ত্রী।’
বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিরোধী দলের নেতা সংসদ ত্যাগ বা বর্জন করবেন না বলেছেন। ভালো বলেছেন, এমনই বিরোধী দল হওয়া উচিত।