বঙ্গবন্ধু জাদুঘরে বাঙালির স্মৃতি খুঁজে ফেরা
গুলির আঘাতে হয়তো কারও মাথার মগজ উড়ে গিয়ে ছাদের সঙ্গে আটকে গিয়েছিল। শুকিয়ে যাওয়া সেই মগজের সঙ্গে কয়েকটি চুল এখনো আটকে আছে। জায়গাটি কাচ দিয়ে ঢেকে রাখা হয়েছে। বঙ্গবন্ধুর পুত্রবধূ সুলতানা কামালের বৌভাতের সবুজ বেনারসি শাড়ি; রোজী জামালের লাল ঢাকাই জামদানি, বিয়ের জুতা, ভাঙা কাচের চুড়ি, চুলের কাঁটা; শিশুপুত্র রাসেলের রক্তমাখা জামা; বঙ্গবন্ধুর বহুল ব্যবহূত পাইপ, রক্তমাখা সাদা পাঞ্জাবি, তোয়ালে, লুঙ্গি, ডায়েরি—সব স্মৃতিচিহ্ন সাজিয়ে রাখা আছে কয়েকটি ঘরে। বাড়ির খাওয়ার টেবিল, বিছানাপত্রও আছে। বাড়িটিও ঠায় দাঁড়িয়ে আছে। শুধু মানুষগুলো নেই মানুষের স্মৃতি ছাড়া কোথাও। স্মৃতির ওই মানুষগুলোকে খুঁজতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের বিভিন্ন ঘরে ঘুরছেন অমৃত ও আলো। দুই ভাই-বোন। অমৃত দৃষ্টিপ্রতিবন্ধী। আলো একেকটি ছবি ও জিনিসের সামনে গিয়ে বর্ণনা করছিলেন। গোপালগঞ্জ থেকে ধানমন্ডির ৩২ নম্বরে এসেছিলেন তাঁরা। কেন এসেছেন জানতে চাইলে অমৃত বলেন, ‘জাতির জনককে অনুভব করার ক্ষমতা আরেকবার ঝালাই করতে এসেছি।’ রমজান আলী ঢাকার সাভারের কৃষিজীবী। প্রত্যেক মাসে একবার করে আসেন ওই বাড়িতে। তাঁর ভাষায়, ‘বাড়িটা দেখতাম আহি। উনি (বঙ্গবন্ধু) উছিলা আছিলেন বইল্যাই বাংলাদেশ হইছে। হেরে না দেইখ্যা থাকমু কেমনে।’ধানমন্ডির সড়ক নম্বর-৩২, বাড়ি নম্বর-৬৭৭। বর্তমানে সড়ক নম্বর ১১ ও বাড়ির নম্বর ১০ হয়েছে। বঙ্গবন্ধুর বাড়ি। জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ সব ঘটনার স্মৃতিবাহী। ঐতিহাসিক ব্যক্তিত্বের স্মৃতিধন্য। দেশের রাষ্ট্রপতি থাকা অবস্থায় এই বাড়িতেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন। ১৯৮১ সালের ১০ জুন পর্যন্ত ঘাতকেরা এবং পরবর্তী সময়ে সামরিক কর্তৃপক্ষ বাড়িটি দখল করে রাখে। পরে ওই বছরই বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানাকে বাড়িটি ফিরিয়ে দেওয়া হয়। ১৯৯৪ সালের ১১ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট গঠনের পর বাড়িটিকে ট্রাস্টের অধীনে দেওয়া হয়। ট্রাস্টের উদ্যোগে বাড়িটিকে জাদুঘর হিসেবে প্রতিষ্ঠিত করা হয়।ধানমন্ডির অরণি বিদ্যালয়ের নার্সারির শিক্ষার্থী নাবিহা, নাশিতা, সায়ন্তনু মায়েদের হাত ধরে বাড়িটিতে এসেছে। তারা জানে, বাড়িটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার। তাদের প্রশ্ন, বাড়িতে কেউ নাই কেন। তাদের উপযোগী করে ঘটনা বর্ণনা করার পর একজনের আবার প্রশ্ন, বাড়ির ভেতরে খারাপ লোকগুলো কীভাবে ঢুকল, কীভাবে তাঁদের মারল। শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর কমিটির সদস্য সাংবাদিক বেবী মওদুদ বলেন, ১৯৬৭ সালে প্রথম ঢুকি এই বাড়িটিতে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের একটি বাড়ি। সেটি আস্তে আস্তে জনসাধারণের বাড়িতে পরিণত হয়। স্বাধীনতার সূতিকাগার হিসেবে ইতিহাসের পাতায় স্থান পায় বাড়িটি।১৯৬১ সালের ১ অক্টোবর থেকে বাড়িটিতে সপরিবারে বসবাস শুরু করেন বঙ্গবন্ধু। দোতলায় বঙ্গবন্ধুর শোবার ঘরের দরজায় লেখা রয়েছে, ‘১৫ আগস্ট ভোরে বেগম মুজিব, জামাল, কামাল, রাসেল ও বঙ্গবন্ধুর দুই পুত্রবধূর রক্তাক্ত মৃতদেহ পড়েছিল ঘরটিতে। এই ঘরটির সামনে করিডর থেকে নিচে যাওয়ার জন্য যে সিঁড়ি, সেখানেই ঘাতকদের গুলিতে ঝাঁঝরা হন বঙ্গবন্ধু। রক্তের দাগ এখন ততটা স্পষ্ট নেই। তবে গুলির চিহ্নগুলো এখনো স্পষ্ট।’ কয়েকজন দর্শনার্থী বললেন, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরটি যেমন হওয়ার কথা তেমন হয়নি। ব্যবস্থাপনায়ও আন্তরিকতার অভাব আছে।জাদুঘরের কিউরেটর ও জাদুঘর কমিটির সদস্যসচিব সৈয়দ সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, দর্শনার্থীদের অভিযোগ অস্বীকার করার উপায় নেই। তবে শিগগিরই পাশের ছয়তলা ভবনে জাদুঘরটি স্থানান্তর করা হবে। তখন আর সমস্যা থাকবে না।