বঙ্গবন্ধু দিনে দিনে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যতই দিন যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ততই উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছেন বলে মন্তব্য করেছেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। তিনি বলেন, বাঙালি জাতির ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ বঙ্গবন্ধু।

গতকাল বাংলা একাডেমিতে আয়োজিত একক বক্তৃতা অনুষ্ঠানে অনুপম সেন এসব কথা বলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এই একক বক্তৃতা অনুষ্ঠানের আয়োজন করে বাংলা একাডেমি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।

অনুষ্ঠানে অনুপম সেন বলেন, বাঙালির ইতিহাসে অনেক মানুষ ও নেতা জন্মেছেন। কিন্তু বঙ্গবন্ধুই একমাত্র নেতা যিনি দেশকে স্বাধীন করার স্বপ্ন দেখেছেন, স্বাধীন করেছেন এবং দেশবাসীকে একটি সংবিধান দিয়েছেন। তাঁর ৭ মার্চের ভাষণ পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণ। দেশ স্বাধীন হওয়ার পর ভঙ্গুর অর্থনীতির মধ্যেও তিনি দেশকে এগিয়ে নিয়েছেন।

অনুপম সেন বলেন, ‘বঙ্গবন্ধু যখন মারা যান আমি তখন কানাডায়। ঘটনার এক দিন পর আমি যখন একটা কাজে ট্যাক্সিতে বের হই, ট্যাক্সিচালক কথা প্রসঙ্গে জানতে চায় আমি ভারতীয় কি না। বাংলাদেশি শোনার পর তিনি বলেন, ‘তোমরা কী করে শেখ মুজিবুর রহমানের মতো নেতাকে হত্যা করলে? একজন মানুষ যিনি তাঁর সারা জীবন বাঙালির মুক্তির জন্য দিলেন, তাঁকে এভাবে হত্যা কোনোভাবেই মানা যায় না।’ অনুপম সেন বলেন, ‘বঙ্গবন্ধু দেশের মানুষের অধিকারের জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। এই দেশের প্রতিটি মানুষ যখন তাঁর অধিকার পাবে, তখনই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।’

অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকেরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা আসলে মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতে চেয়েছিল। সেই যে বাংলাদেশ তার আদর্শ থেকে কক্ষচ্যুত হলো আজও ফিরে আসতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘আজকে যেভাবে ভিন্নমতের মানুষকে হত্যা করা হচ্ছে, সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছে, সেগুলো বাংলাদেশের আদর্শের সঙ্গে যায় না।’ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান।