পদ বণ্টন নিয়ে সমঝোতায় পৌঁছাতে না পেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদের শিক্ষকদের দুটি পক্ষ আলাদা প্যানেল জমা দিয়েছে। উভয় পক্ষই নিজেদের নীল দলের প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে।
এই নির্বাচনে বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ১৫ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট ভোটার ১৬৫ জন।
বঙ্গবন্ধু পরিষদের অন্তত পাঁচজন শিক্ষক বলেন, গত বুধবার বেলা দুইটা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে বঙ্গবন্ধু পরিষদের নীল দলের প্যানেল নিয়ে বৈঠকে বসেন সদস্যরা। সেখানে পদ ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে কোনো ধরনের সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়। এরই পরিপ্রেক্ষিতে দুটি পক্ষ আলাদা প্যানেল জমা দিয়েছে।
নীল দলের এক পক্ষে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বিজ্ঞান অনুষদের ডিন মো. আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান। আরেক পক্ষে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক বিশ্বজিৎ চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মোহাম্মদ কামাল উদ্দিন।
এ ব্যাপারে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এন এম রবিউল আউয়াল চৌধুরী প্রথম আলোকে বলেন, বঙ্গবন্ধু পরিষদের নীল দলের একক প্যানেলের সভাপতি পদের প্রার্থী হচ্ছেন আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান। নীল দলের অন্য কোনো প্যানেল নেই। যাঁরা আলাদা প্যানেল দিয়েছেন তাঁরা পরিষদের প্রার্থী নন। বঙ্গবন্ধু পরিষদের সিদ্ধান্তই এ ক্ষেত্রে চূড়ান্ত। তবে অন্য প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী মোহাম্মদ কামাল উদ্দিন দাবি করেন, ‘আমরা বঙ্গবন্ধু পরিষদের নীল দলের ব্যানারে প্রার্থী হয়েছি। সমঝোতা না হওয়ায় আলাদা প্যানেল দিয়েছি।’