বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় ৭ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে গান তৈরি করার দায়ে তন্ময় মল্লিক নামের এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গতকাল বুধবার সাইবার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এ কে এম সামসুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি তন্ময় মল্লিকের বাড়ি খুলনার দাকোপ উপজেলার গুরকাঠি গ্রামে। সাইবার ট্রাইব্যুনাল গঠনের আট মাসের মাথায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় প্রথম কোনো আসামির দণ্ডাদেশ হলো।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ছবি সম্পাদনা করে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে করা আরেকটি মামলায় একই আদালত গত ১৬ জুন রায় দিয়েছিলেন। রায়ে রাজশাহীর বাঘা থানা এলাকার অমিয় সরকার নামের এক কম্পিউটার হার্ডওয়্যার ব্যবসায়ীকে বেকসুর খালাস দেওয়া হয়।
গতকাল রায় ঘোষণার আগে আদালতে আসামি তন্ময় মল্লিককে হাজির করা হয়। রায়ে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান রচনা করে আসামি তন্ময় মেমোরি কার্ডের মাধ্যমে তা প্রচার ও প্রকাশ করেন, যা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে অপরাধ। আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষÿ১০ জন সাক্ষী উপস্থাপন করে। রাষ্ট্রপক্ষÿআসামির বিরুদ্ধে আনা এই অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় তন্ময়কে সাত বছরের কারাদণ্ড দেওয়া হলো। আদালত আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার থেকে জানা যায়, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করে গান রচনা করার ঘটনায় খুলনার দাকোপ থানার তৎকালীন উপপরিদর্শক জয়নাল আবেদিন গত বছরের ২৬ অক্টোবর মামলাটি করেন। চলতি বছরের ১৯ মে ট্রাইব্যুনাল এ মামলায় অভিযোগ গঠন করেন।
গত বছরের ১৯ আগস্ট শাস্তির মেয়াদ বাড়িয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। ২০০৬ সালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে শাস্তি অপর্যাপ্ত ও অস্পষ্টতার পরিপ্রেক্ষিতে সংশোধিত আইনে ন্যূনতম সাত বছর ও সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়। আগের আইনে সব অপরাধ জামিনযোগ্য হলেও সংশোধিত আইনে কয়েকটি অপরাধ জামিনের অযোগ্য করা হয়। আর আইনের ৬৮ ধারা অনুসারে চলতি বছরের ২৮ জানুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাইবার অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এই ট্রাইব্যুনালে সারা দেশে ওই আইনে করা মামলার বিচার হয়।