বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ছয় বিভাগ
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ছয়টি বিভাগ চালু হয়েছে। বিভাগগুলো হলো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, অ্যানালাইটিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, পরিসংখ্যান, অর্থনীতি ও সমাজবিজ্ঞান।চলতি শিক্ষাবর্ষেই শিক্ষার্থীরা নতুন এই বিভাগগুলোতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এর ফলে বিশ্ববিদ্যালয়টিতে বিভাগের সংখ্যা দাঁড়াল ১১টি। আর ৫০টি করে ১১টি বিভাগে প্রতিবছর মোট ৫৫০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে রিজেন্ট বোর্ডের সপ্তম সভায় এ বছর থেকে বিদ্যমান পাঁচটি ও সদ্য অনুমোদন পাওয়া নতুন ছয়টি বিষয়সহ ১১টি বিষয়ের প্রত্যেকটিতে ৫০ জন করে মোট ৫৫০ জন শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় প্রতিটি বিভাগে তিনটি করে আসন মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির সিদ্ধান্ত হয়।