বঙ্গবন্ধু ফেলোশিপকে ট্রাস্ট করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার বঙ্গবন্ধু ফেলোশিপকে ট্রাস্টে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে। সরকার পরিবর্তন হলেও কেউ যাতে দেশে বিজ্ঞান গবেষণায় দেওয়া ফেলোশিপ বন্ধ করতে না পারে, সে জন্যই এ সিদ্ধান্ত। গতকাল বুধবার রাজধানীতে ফেলোশিপ ও বিশেষ অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু ফেলোশিপ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় নিয়োজিত গবেষকদের মধ্যে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এখন অনেক সতর্ক। আমরা ভালো কাজ করে গেলেও সরকার পরিবর্তন হলে ... অন্য সরকার এসব কাজ বন্ধ করে দিতে পারে।...অতীতে বিএনপি-জামায়াত সরকার এমন অনেক প্রকল্পই বন্ধ করে দিয়েছিল।’ তিনি আরও বলেন, বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চিকিৎসক আ ফ ম রুহুল হক। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল হক খান। অনুষ্ঠানে এ বছর ৫০ জন এমএস, ১৬০ জন পিএইচডি এবং ১১ জন পিএইচডি-উত্তর শিক্ষার্থী ও গবেষককে দেশে-বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ফেলোশিপ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর দেখি, গবেষণা খাতে কোনো বরাদ্দ নেই। সে বছরই গবেষণার জন্য ১২ কোটি টাকার থোক বরাদ্দ দিই। এখন সারা বছরই তরি-তরকারি পাওয়া যাচ্ছে। এটি সে সময়কার বরাদ্দে কৃষি গবেষণার মাধ্যমেই সম্ভব হয়েছে।’ তিনি বলেন, ২০০১ সালে ক্ষমতায় এসে বিএনপি সেসব প্রকল্প বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ ২০০৮ সালে আবার ক্ষমতায় আসার পর নতুন করে সেসব প্রকল্প চালু করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আমাদের বর্তমানকে উৎসর্গ করেছি আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যতের জন্য। নতুন নতুন বৈজ্ঞানিক সৃষ্টি হোক, দেশ আরও এগিয়ে যাক, সেই প্রত্যাশাই করছি।’
২০১০ সালে প্রণীত জাতীয় শিক্ষানীতিতে বিজ্ঞান-প্রযুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার স্বতন্ত্র ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি নীতি-২০১১’ প্রণয়ন করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ‘বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স অ্যান্ড আইসিটি’ প্রকল্প গ্রহণ করেছে। বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও ইনস্টিটিউট থেকে উচ্চশিক্ষা অর্জনে এই ফেলোশিপ সহযোগিতা করছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে, এটাই আমরা চাই। জ্বালাও-পোড়াও আমরা চাই না। আমাদের লক্ষ্য বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ হিসেবে গড়া তোলা।’
শমসের চৌধুরীর মৃত্যুতে শোক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী এবং কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা শমসের আলম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধে তাঁর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শের এক বিশ্বস্ত সৈনিককে হারাল এবং কক্সবাজারের অধিবাসীরা একজন অভিভাবককে হারাল। শেখ হাসিনা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।