
আইন কমিশনের চেয়ারম্যান ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, বঙ্গবন্ধুর সবচেয়ে বড় অবদান হচ্ছে,
তিনি বাঙালির আত্মপরিচয় দিয়েছেন। কিন্তু এ দেশের মানুষ এখনো ‘সাদা চামড়ার’ মানুষের সঙ্গে মাথা উঁচু করে কথা বলতে পারে না।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বঙ্গবন্ধু-সমতা-সাম্রাজ্যবাদ শীর্ষক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল হক এসব কথা বলেন। বইটি লিখেছেন অধ্যাপক আবুল বারকাত।
খায়রুল হক বলেন, ‘আমরা মানসিকভাবে দারিদ্র্যের মধ্যে আছি। আমাদের মানস কাঠামোয় যে দারিদ্র্য আছে তা থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এখনো সাদাদের সঙ্গে কথা বলার সময় সোজা হয়ে কথা বলতে পারি না, মানসিকভাবে যেন কিছুটা ভেঙে পড়ি।’ এ ক্ষেত্রে তিনি বঙ্গবন্ধু দৃঢ়তার একটা উদাহরণ টেনে বলেন, ১৯৭৩ সালে বাংলাদেশ ব্যাংকের কোষাগার একেবারে খালি থাকা অবস্থায়ও বিশ্বব্যাংকের অনৈতিক শর্তের ঋণের প্রস্তাব অসম সাহসিকতার সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু।
জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম বলেন, বঙ্গবন্ধু সশরীরে বেঁচে না থাকলেও তাঁর মতাদর্শ রয়েছে। সেটার বাস্তবায়ন হলেও বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত। দেশে এখন জনসংখ্যা বাড়ছে, কিন্তু প্রকৃত মানুষের সংখ্যা কমে যাচ্ছে।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান বলেন, যাঁরা শোকসভায় বক্তব্য দেন শুধু তাঁদেরই ভাগ্যের পরিবর্তন হয়, কিন্তু বঙ্গবন্ধু যাদের জন্য জীবন দিয়েছেন সেই গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না।
অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এই প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এ কে আজাদ চৌধুরী, অধ্যাপক মাহফুজা খানম প্রমুখ। অনুষ্ঠানে বইয়ের লেখক আবুল বারাকাত উপস্থিত ছিলেন। কিন্তু তিনি কোনো বক্তব্য দেননি।