বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল পাস
বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল ২০১৬ আজ বুধবার সংসদে পাস হয়েছে। পাসের জন্য বিলটি সংসদে উত্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে ইয়াফেস ওসমান বলেন, দেশে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরি করতে ২০১০ থেকে ২০১৬ মেয়াদে ৮৫ কোটি ৯৫ লাখ টাকার বঙ্গবন্ধু ফেলোশিপ অন সাইন্স অ্যান্ড আইসিটি শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নাধীন আছে। প্রকল্পের কাজ স্থায়ী ট্রাস্টের মাধ্যমে করার জন্য আইন করা প্রয়োজন।
এ ছাড়া আজ চিকিৎসা ক্ষেত্রে উচ্চ শিক্ষা, গবেষণা ও সেবার মান বাড়াতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল ২০১৬ ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিল ২০১৬ সংসদে উত্থাপিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বিল দুটি উত্থাপন করেন।
উত্থাপনের পর বিল দুটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।