বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল পাস
বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করতে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল ২০১৬ গতকাল বুধবার জাতীয় সংসদে পাস হয়েছে। পাসের জন্য বিলটি উত্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে ইয়াফেস ওসমান বলেন, দেশে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক তৈরি করতে ২০১০ থেকে ২০১৬ মেয়াদে ৮৫ কোটি ৯৫ লাখ টাকার বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স অ্যান্ড আইসিটি শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নাধীন আছে। প্রকল্পের কাজ স্থায়ী ট্রাস্টের মাধ্যমে করার জন্য আইন করা প্রয়োজন।
এ ছাড়া চিকিৎসা ক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা ও সেবার মান বাড়াতে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল ২০১৬ ও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল ২০১৬ গতকাল সংসদে উত্থাপিত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিল দুটি উত্থাপন করেন।
উত্থাপনের পর বিল দুটি ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অধ্যয়ন ও গবেষণার ব্যবস্থা থাকবে। নার্সিং বিষয়েও স্নাতকে অধ্যয়নের সুযোগ থাকবে। দুটি বিশ্ববিদ্যালয়ের আটটি করে অনুষদ থাকবে। এগুলো হলো মেডিসিন, সার্জারি, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স, ডেন্টাল, নার্সিং, বায়োটেকনোলজি ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল টেকনোলজি ও প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদ।