বঙ্গবন্ধু বিমানবন্দরের জন্য নতুন তিনটি স্থান বিবেচনা করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিমান খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে সরকার প্রাথমিকভাবে নতুন তিনটি স্থান বাছাই করেছে।এর আগে মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিলেও স্থানীয় জনগণের একটি অংশের সহিংস প্রতিবাদের কারণে সরকার তা বাতিল করে।বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের গতকাল বুধবার বার্তা সংস্থা বাসসকে বলেন, ‘আমরা এই বিমানবন্দরের জন্য প্রাথমিকভাবে মাদারীপুর-গোপালগঞ্জ, ফরিদপুর ও মুন্সিগঞ্জ জেলায় তিনটি স্থান বাছাই করেছি।’মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ সেলের প্রধান ও বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি দল গত মাসে এসব স্থান পরিদর্শন করেছে এবং পরে মন্ত্রণালয়ে স্থান বাছাই জরিপসংক্রান্ত একটি প্রতিবেদন জমা দিয়েছে। তিনি বলেন, বর্তমানে প্রাক্-সম্ভাব্যতা ও তুলনামূলক সমীক্ষা চালানো হচ্ছে। আশা করা হচ্ছে, এক মাসের মধ্যে এ সমীক্ষা সম্পন্ন হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর প্রতিবেদন জমা দেওয়া হবে। বাসস।