বঙ্গবন্ধু বিশ্ববাসীর হৃদয়ে চিরজাগরূক থাকবেন: স্পিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অবিস্মরণীয় নেতা হিসেবে বিশ্ববাসীর হৃদয়ে চিরজাগরূক থাকবেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গত সোমবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্পিকার এ কথা বলেন। খবর বাসসের।
স্পিকার শিরীন শারমিন বলেন, বঙ্গবন্ধু ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও শোষিত ও বঞ্চিত বাঙালি জাতির অধিকারের কথা বলেছেন। তাই ১৭ মার্চ বাঙালি জাতির জীবনে একটি অবিস্মরণীয় দিন।
স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন সভাপতিত্ব করেন। আলোচনা সভায় ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুল কায়েস, নাট্যব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, মুক্তিযোদ্ধা আবদুল মুকিত চৌধুরী, আমেরিকান প্রেসক্লাবের হাকিকুল ইসলাম খোকনসহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
বাংলাদেশ লাউঞ্জ উদ্বোধন: স্পিকার শিরীন শারমিন জাতিসংঘ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ‘বাংলাদেশ লাউঞ্জ’ উদ্বোধন করেন। জাতিসংঘ সাধারণ পরিষদ হলের দোতলায় লাউঞ্জটি প্রতিষ্ঠা করা হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা লাউঞ্জটি ব্যবহার করতে পারবেন। এই লাউঞ্জ বরাদ্দ দেওয়ার জন্য স্পিকার জাতিসংঘকে ধন্যবাদ জানান।
ইউএন উইমেনের নির্বাহী পরিচালকের সঙ্গে বৈঠক: স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএন এনটিটি ফর জেন্ডার ইকুয়ালিটি অ্যান্ড দি এমপাওয়ারমেন্ট অব উইমেনের (ইউএন উইমেন) নির্বাহী পরিচালক ফুমজিলে ম্লামবো-এনগুকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় স্পিকারকে অভিনন্দন জানান তিনি।