বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের প্রসূতি বিভাগে রোগীর সংখ্যা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় এই বিভাগে গিয়ে দেখা যায়, প্রায় সব শয্যায় রোগী আছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিভাগের প্রতিটি ইউনিটে প্রতিদিন ভাড়া ও বিনা ভাড়ার শয্যায় রোগী ভর্তির নির্দেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগের ছয়জন অধ্যাপকের প্রত্যেকে সপ্তাহে একদিন করে রোগী ভর্তি করে আসছিলেন। প্রতিদিনই বিভাগের অনেক শয্যা ফাঁকা থাকত। রোগীরাও প্রত্যাশিত সেবা পাচ্ছিলেন না। ৬ জানুয়ারি এ নিয়ে প্রথম আলোতে ‘প্রসূতিসেবার বিপরীত চিত্র: উপচে পড়া রোগী ঢাকা মেডিকেলে, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে শয্যা ফাঁকা’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়।সংবাদটি প্রকাশের পরপরই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোগী ভর্তি করার ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ নেয়। গতকাল যে নির্দেশ জারি করা হয়েছে, তাতে প্রত্যেক ইউনিটে প্রতিদিন রোগী ভর্তি করতে বলা হয়েছে। নির্দেশে আরও বলা হয়, সেবা না দিয়ে কোনো প্রসূতিকে ফেরত পাঠানো যাবে না। এ ছাড়া ‘বিছানা খালি নেই’, বেলা একটার আগে এমন কথা লিখতে নিষেধ করা হয়েছে চিকিৎসকদের।