বঙ্গবন্ধু মুক্তির স্বপ্ন দেখিয়েছেন

শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান বলেছেন, বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্তির স্বপ্ন দেখিয়েছেন বঙ্গবন্ধু। তিনি বাঙালিকে সচেতনতার পথে উদ্বুদ্ধ করেছেন। বাংলাদেশের সিংহভাগ মানুষ স্বীকার করে, বঙ্গবন্ধু সবার।
গতকাল রোববার সন্ধ্যায় ‘বঙ্গবন্ধু সবার’ শীর্ষক এক অনুষ্ঠানে বরেণ্য এই শিক্ষাবিদ এসব কথা বলেন।
‘আমরা করব জয়’ নামের একটি সংগঠন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করে। আলোচনায় অংশ নেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন ও শিক্ষাবিদ হাছিনা জাকারিয়া।
অনুপম সেন বলেন, বঙ্গবন্ধু বঞ্চিত মানুষের জন্য সংগ্রাম করেছেন। তিনি কেবল এ দেশের নয়, সারা বিশ্বের নেতা।
হাছিনা জাকারিয়া বলেন, ‘যাঁরা মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করেন, তাঁরা স্মরণীয় হয়ে থাকেন। বঙ্গবন্ধু তেমন একজন নেতা। তাঁর কারণে আমরা স্বাধীন দেশে নিঃশ্বাস নিতে পারছি।’
‘আমরা করব জয়’-এর ব্যবস্থাপনা পরিচালক শওকত বাঙালির সঞ্চালনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী কল্পনা লালা, কাবেরী সেনগুপ্তা, সাইফুদ্দিন মাহমুদ খান ও মধুলিনা মণ্ডল।
আবৃত্তি করেন শিল্পী অঞ্চল চৌধুরী।