বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আট ঘণ্টা বিদ্যুৎ ছিল না
গতকাল মঙ্গলবার ভোর চারটা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে বিদ্যুৎ না থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হয়। দুর্ভোগ পোহাতে হয় রোগীদের। কর্তৃপক্ষ বলছে, হাসপাতালের বিদ্যুৎ উপকেন্দ্রের ত্রুটি দেখা দেওয়ায় এ ঘটনা ঘটে।হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভূঁইয়া জানান, হাসপাতাল প্রাঙ্গণে বিদ্যুৎ উপকেন্দ্রের একটি তার জ্বলে যাওয়ায় বিদ্যুৎ চলে যায়। জেনারেটরের সাহায্যে জরুরি বিভাগ, ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), অস্ত্রোপচারকক্ষ ও কয়েকটি কেবিনে বিদ্যুৎ সচল রাখা হয়। তিনি আরও জানান, বিদ্যুৎ না থাকায় নৈমিত্তিক কাজে সমস্যা দেখা দিলেও জরুরি ক্ষেত্রগুলোয় পরিস্থিতি স্বাভাবিক ছিল।তবে রোগী ও তাদের স্বজনেরা জানান, ভোর চারটায় বিদ্যুৎ চলে যায়। হাসপাতালের পাঁচটি ব্লকই অন্ধকার হয়ে যায়। দুপুর ১২টার দিকে পর্যায়ক্রমে বিদ্যুৎ আসার পর কিছুটা স্বস্তি ফিরে আসে। তাঁরা আরও জানান, বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে চিকিৎসক, নার্সসহ রোগী ও রোগীর স্বজনেরা হাসপাতালের বাইরে আশ্রয় নেয়। বন্ধ হয়ে যায় পানির লাইন ও লিফট। হাসপাতালজুড়ে দেখা দেয় পানির সংকট। বাধ্য হয়ে সিঁড়ি ভেঙে ১০-১২ তলা উঠতে হয়েছে রোগীসহ অনেককেই। এক্স-রে, সিটি স্ক্যান, রক্ত পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বন্ধ ছিল। রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। মোমবাতি জ্বালিয়ে অনেক চিকিৎসক রোগী দেখেছেন।সকাল আটটায় এক্স-রে করাতে এসেছিলেন লালবাগের হোসনে আরা। এসেই দেখেন বিদ্যুৎ নেই। সাত ঘণ্টা অপেক্ষা করেও তিনি তা করাতে পারেননি। একই দুর্ভোগে পড়েছিলেন সিটি স্ক্যান করাতে আসা খিলগাঁওয়ের সীমা খাতুন।বেলা একটার দিকে বহির্বিভাগের একজন চিকিৎসক এ প্রতিবেদককে জানান, গরমে রোগী দেখা যাচ্ছিল না। তিনিসহ বেশ কয়েকজন চিকিৎসক বাধ্য হয়ে হাসপাতালের বাইরে চলে যান।এক রোগীর স্বজন মিজানুর রহমান জানান, তিনি ছেলের পায়ের প্লাস্টার কাটাতে এসেছেন। পানি না থাকায় তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে তাঁকে।ঢাকা বিদ্যুৎ সরবরাহ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুস সোবহান হাসপাতালে উপস্থিত সাংবাদিকদের বলেন, ধানমন্ডি ফিডার (কাঁটাবন) থেকে হাসপাতালের উপকেন্দ্রে চারটি তারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়। একটি তার জ্বলে যাওয়ায় অন্যগুলোও অকেজো হয়ে পড়ে। জ্বলা অংশটি কেটে পুনরায় সংযোগ দিতে ১২টা পর্যন্ত সময় লেগেছে।হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৯৯৩ সালে গ্রিড বিপর্যয়ের পর হাসপাতালে বিদ্যুৎসংক্রান্ত এত বড় সমস্যা দেখা দেয়নি। পর্যাপ্ত বিকল্প ব্যবস্থাও নেই। বিকল্প হিসেবে তিনটি জেনারেটর রয়েছে। সেগুলোকেও পাঁচ-ছয় ঘণ্টা পরপর বন্ধ রাখতে হয়।