বঙ্গবন্ধু মেডিকেলে ইনকিউবেটর ফটোথেরাপি মেশিন হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রবাসী ইনকরপোরেটেডের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগে দুটি ইনকিউবেটর ও দুটি ফটোথেরাপি মেশিন হস্তান্তর করা হয়েছে।প্রথম আলোর মিলনায়তনে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে প্রবাসী ইনকরপোরেটেডের প্রকল্প ব্যবস্থাপক শাফিন মুশতাক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্তের হাতে এই যন্ত্রগুলো তুলে দেন।অনুষ্ঠানে প্রাণ গোপাল দত্ত বলেন, প্রবাসী সংগঠন দেশের কল্যাণের জন্য যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। তিনি বলেন, যন্ত্রগুলো একদিকে যেমন শিশুদের জীবনরক্ষায় বিশেষ সহায়তা করবে, অন্যদিকে সেগুলো মেডিকেলের শিক্ষার্থীদের শিক্ষার উপকরণ হিসেবেও কাজে লাগবে।শাফিন মুশতাক বলেন, ‘অনেক দিন ধরে প্রথম আলোর সঙ্গে বিভিন্ন ধরনের সেবামূলক কাজের সহযোগী হিসেবে কাজ করছি।’ তিনি জানান, তাঁরা ১০ বন্ধু সিডনিতে স্কুলে পড়ার সময় ২০০১ সালে এই সংগঠন শুরু করেছিলেন। গত বছরের ডিসেম্বরে এক দিনে অনেক শিশুর মৃত্যুর খবর তাঁদের ভীষণভাবে নাড়া দেয়। এরপর তাঁদের সংগঠন শিশুদের বিশেষ সেবাদানকারী যন্ত্র কেনার জন্য তহবিল সংগ্রহ করে। তিনি আরও জানান, ইনকিউবেটর ও ফটোথেরাপি যন্ত্রগুলো অনেক শিশুর জীবন বাঁচাবে। ভবিষ্যতেও প্রথম আলো ট্রাস্টের সঙ্গে তাঁদের বিভিন্ন সেবামূলক কাজ অব্যাহত থাকবে।প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান বলেন, দেশের শিশুদের চিকিৎসার কল্যাণে একটি প্রবাসী সংগঠন এগিয়ে আসার খবর সত্যিই আনন্দের। তাদের এ উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে।প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, সংগঠনটি এর আগে প্রথম আলোর সঙ্গে অ্যাসিডদগ্ধ নারীদের কল্যাণে, শীতার্ত ব্যক্তিদের সেবায় এবং সিডর-বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে কাজ করেছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. সহিদুল্লা, অস্ট্রেলিয়াপ্রবাসী আবদুল আজিজ ও মুশতাক মাহমুদ খান, প্রথম আলো ট্রাস্টের সমন্বয়কারী পলা আজিজ এবং এসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো ট্রাস্ট সহায়ক তহবিলের সমন্বয়কারী ফেরদৌস ফয়সাল।