বঙ্গবন্ধু মেডিকেলে সন্ধ্যা পর্যন্ত অস্ত্রোপচার চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কাল শনিবার থেকে সকালের পাশাপাশি বিকেলেও অস্ত্রোপচার চলবে। প্রথমে জেনারেল সার্জারি ও চক্ষু বিভাগে এই সেবা দেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত প্রথম আলোকে বলেন, আপাতত দুটি বিভাগে এই সেবা চালু হচ্ছে। পর্যায়ক্রমে সব বিভাগে এটা চালু করা হবে।মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত নিয়মিত সেবা দেওয়া হয়। রোগীদের অস্ত্রোপচারও এই সময়ে করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের চাহিদা প্রচুর থাকলেও ওই নির্দিষ্ট সময়ের বাইরে অস্ত্রোপচার করা হয় না (দু-একটি ব্যতিক্রম ছাড়া)। বেশি রোগীকে সেবা দেওয়ার জন্য এখন আটটা-আড়াইটার পরও বেলা তিন থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই সেবা দেওয়া হবে।এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১১ সালের ১ অক্টোবর থেকে বহির্বিভাগে বৈকালিক বিশেষজ্ঞ সেবার ব্যবস্থা করে। ১৯টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা এখানে রোগী দেখেন। ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁরা ৬৫ হাজার রোগী দেখেছেন। রোগীরা ২০০ টাকা ফি দিয়ে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর সুযোগ পাচ্ছে বলে দিন দিন এখানে ভিড় বাড়ছে। এই টাকার একটি অংশ পান সংশ্লিষ্ট চিকিৎসক, বাকি অংশ কর্মচারী ও কর্তৃপক্ষ।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই প্রতিষ্ঠানে বিশেষজ্ঞ সেবার জন্য সারা দেশের মানুষ আসে। অন্যান্য হাসপাতাল থেকেও এখানে রোগী পাঠানো হয়। কিন্তু এর আগে বেলা আড়াইটার পর এখানে রোগী দেখা বা অস্ত্রোপচার করা হতো না।