বঙ্গবন্ধু মেডিকেলে স্বাচিপের ভাঙচুর
আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাখার কর্মীরা শিক্ষক সমিতির কার্যালয় ভাঙচুর করেছেন। ভর্তি, নিয়োগ ও পদোন্নতিকে কেন্দ্র করে সংগঠনটির অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই ভাঙচুর হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও স্বাচিপের স্থানীয় শাখার সাধারণ সম্পাদক এ এস এম জাকারিয়া প্রথম আলোকে বলেন, শিক্ষক সমিতি ও ডিন নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ে শূন্য পদে নিয়োগের বিষয়ে আলোচনার জন্য ডাকা বর্ধিত সভা থেকে উত্তেজনার সৃষ্টি হয়।একাধিক সূত্র জানিয়েছে, সভায় স্বাচিপের নেতা-কর্মীরা অভিযোগ করেন, কর্তৃপক্ষ বিএনপি ও জামায়াতপন্থী চিকিৎসকদের জায়গা করে দিচ্ছে। একপর্যায়ে পরিচালক (পরিকল্পনা) আবু নাসার রিজভী বলেন, কর্তৃপক্ষ মেধাকে গুরুত্ব দেওয়ার যে চেষ্টা করছে, তা সবাইকে মানতে হবে। এতে একদল চিকিৎসক ক্ষিপ্ত হয়ে দরজা-জানালা ভাঙচুর করেন। সভার সভাপতি ও স্বাচিপের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. শারফুদ্দিন আহমেদ বলেন, জোট আমলে অবৈধভাবে নিয়োগ পাওয়া চিকিৎসক ও কর্মচারীদের বহাল রাখা নিয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ আছে।