বঙ্গবন্ধু মেডিকেলে ২৪ ঘণ্টা রোগ নির্ণয় সেবা পাবেন রোগীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এখন থেকে ২৪ ঘণ্টা রোগ নির্ণয় সেবা পাবেন রোগীরা। এর আগে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এ সেবা দেওয়া হতো। এখন থেকে ছুটির দিনেও এ সেবা চলবে।

বিশ্ববিদ্যালয়ের প্রাণ-রসায়ন অনুষদের ডিন ইকবাল আর্সলান আজ বুধবার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে ৭০ ধরনের বায়োকেমিক্যাল পরীক্ষা করা হয়। প্রতিদিন ১৪ থেকে ১৫ শ রোগী এই সেবা পান। আর আট থেকে নয় হাজার টেস্ট হয়।

বর্তমানে রোগীদের ব্যাংকে টাকা জমা দিতে হয়। এ বিষয়ে জানতে চাইলে ইকবাল আর্সলান বলে, ব্যাংক আগের মতো রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। রাত আটটার পর রোগীরা তাদের টেস্টের মানি রিসিট নিয়ে প্রাণ-রসায়ন বিভাগে যাবেন। সেখানে সার্বক্ষণিক লোক থাকবে। তাদের কাছে রোগীরা মানি রিসিট এবং সেখানে উল্লেখ করা টাকা জমা দিয়ে চিকিৎসা সেবা নিতে পারবেন। পরের দিন এই টাকা ব্যাংকে জমা করবে কর্তৃপক্ষ।