বঙ্গবন্ধু যমুনা ইকোপার্কে আগুন
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জে অবস্থিত বঙ্গবন্ধু যমুনা ইকোপার্কে গতকাল বুধবার আগুন লেগে অনেক গাছ পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।
ইকোপার্কটির দায়িত্বরত বন কর্মকর্তা আবদুর রহিম জানান, গতকাল দুপুরে হঠাৎ করেই ইকোপার্কের ভেতরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন প্রায় ১২ বিঘা এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ সময় ছনখেত, পেয়ারা বাগানসহ বিভিন্ন এলাকা আগুনে নষ্ট হয়ে যায়। খবর পেয়ে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল থেকে আসা দমকল বাহিনীর দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বন কর্মকর্তা আরও বলেন, বিভিন্ন প্রজাতির গাছ পুড়ে গেলেও পশু ও দর্শনার্থীদের কোনো ক্ষতি হয়নি। গাছের ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো যাবে।
সিরাজগঞ্জ দমকল বিভাগের কর্মকর্তা আবদুর রশিদ জানান, কী কারণে আগুন লেগেছে, তা বোঝা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইকোপার্কের দর্শনার্থীদের ধূমপান শেষে ফেলে দেওয়া সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্সতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।