বঙ্গবন্ধু শ্রমিক হাসপাতাল সাইনবোর্ডেই তিন বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া-চারাগাঁও শুল্ক বন্দর এলাকায় বঙ্গবন্ধুর নামে একটি হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন ক্ষমতাসীন দলের স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন।
তিন বছর ধরে সেখানে ‘বঙ্গবন্ধু শ্রমিক জনতা হাসপাতালের জন্য নির্ধারিত স্থান’ লেখা সাইনবোর্ড টাঙানো আছে। কিন্তু হাসপাতাল এখনো প্রতিষ্ঠা হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বড়ছড়া-চারাগাঁও শুল্কবন্দর অবস্থিত। বন্দরে প্রায় ৩০ জন শ্রমিক কাজ করেন। তিন বছর আগে সেখানে শ্রমিকদের কল্যাণে একটি হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দেন সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর-জামালগঞ্জ-ধরমপাশা) সাংসদ মোয়াজ্জেম হোসেন।
২০১০ সালের নভেম্বর মাসে বড়ছড়া এলাকায় বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের মাঠে হাসপাতালের জায়গা নির্ধারণ করা হয়। এর পর থেকে সেখানে ‘বঙ্গবন্ধু শ্রমিক জনতা হাসপাতালের জন্য নির্ধারিত স্থান’ লেখা সাইনবোর্ড টাঙানো আছে। মাঝখানে একবার সাইনবোর্ড নষ্ট হয়ে গিয়েছিল। পরে আবার নতুন করে সাইনবোর্ড টাঙানো হয়।
বন্দরে কর্মরত শ্রমিকেরা জানান, তাঁরা সাংসদের ঘোষণায় খুশি হয়েছিলেন। এরপর বিভিন্ন সময়ে সাংসদ বন্দর এলাকায় এলে তাঁরা হাসপাতাল নির্মাণের কথা তাঁকে সঞ্চরণ করিয়ে দিয়েছেন।
বন্দরের একজন কয়লা আমদানিকারক বলেন, ‘জেলার প্রত্যন্ত এই এলাকার মানুষ নানাভাবে উন্নয়নবঞ্চিত। এখানে হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণায় আমরা সবাই খুশি হয়েছিলাম। কিন্তু তিন বছরেও সেটি বাস্তবায়ন না হওয়ায় সবাই হতাশ। সরকারের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আদৌ সেটি হবে কি না, বুঝতে পারছি না।’
বড়ছড়া গ্রামের বাসিন্দা আবদুল খালেক (৫২) বলেন, ‘চিকিৎসার লাগি আমরা হাওর পাড়ি দিয়া তাহিরপুর নাইলে সুনামগঞ্জ যাইতে অয়। ইকানো হাসপাতাল অইলে আমরার খুব উপকার অইত। এমপি সাবে তো খইছইন হাসপাতাল অইব।’
সাংসদের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান জানান, এত দিন জমি নিয়ে সমস্যা থাকায় কাজ শুরু হয়নি। প্রথমে বড়ছড়া এলাকায় জমি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু জমিটি ছিল বিসিআইসির। তারা সেটি দিতে রাজি হয়নি। এখন নতুন করে টেকেরঘাট এলাকায় ৩০ শতক জমি কেনা হয়েছে।
এ ব্যাপারে সাংসদ মোয়াজ্জেম হোসেন প্রথম আলোকে বলেন, ‘জমির সমস্যার কারণেই এত দিন কাজ হয়নি। এখন ৩০ শতক জমি সরকারের নামে নিবন্ধন করে দেওয়া হয়েছে। আশা করি, অক্টোবরেই কাজের দরপত্র আহ্বান করা হবে।’