গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় আওয়ামী বঙ্গবন্ধু সঞ্চৃতি সংসদের সাংগঠনিক সম্পাদকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বিশ্বাসপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ওই বাড়ি থেকে ১০টি রামদা, তিনটি লোহার পাতের অ্যাঙ্গেল, একটি হ্যামার, একটি হকিস্টিক, একটি প্লাস্টিকের পাইপ ও একটি লাঠি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আওয়ামী বঙ্গবন্ধু সঞ্চৃতি সংসদের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. প্রিন্স শেখ, তাঁর চাচাতো ভাই টুটুল শেখ ও সেলিম শেখ, আরাফাত ফকির, সানি শিকদার, ফারুক খান, আবিদ বক্সী, সিহাব উদ্দিন, পিন্টু মিয়া ও হানিফ শিকদার।
এলাকাবাসী ও পুলিশ জানায়, বিশ্বাসপাড়ার একটি ভাড়া বাড়িতে শনিবার দিবাগত রাত দুইটার দিকে ১০-১৫ জন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কালিয়াকৈর থানার একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশ দেশীয় অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা বেশ কয়েকটি ডাকাতি করার কথা স্বীকার করেছেন। তাঁদের আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল রোববার সকালে আদালতে পাঠানো হয়। আদালত আজ সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদার বলেন, আওয়ামী বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নামে কোনো সংগঠন আছে বলে তাঁর জানা নেই।
তবে উপজেলার বিভিন্ন স্থানে টানানো পোস্টারে দেখা গেছে, মো. প্রিন্স শেখকে উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের নবনির্বাচিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক করায় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পোস্টারে সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবির পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের স্থানীয় সাংসদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের ছবি রয়েছে।