বঙ্গবন্ধু সমাজকল্যাণ সাংস্কৃতিক সংসদ নাম দিয়ে অশ্লীল নৃত্য, জুয়ার আসর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠনের নিজস্ব কোনো কার্যালয় নেই। নেই কমিটি। দলীয় দিবসেও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হতে দেখেনি কেউ। তবে বছর ঘুরে শীত মৌসুম এলেই দেড় থেকে দুই শ সদস্যের তালিকা তৈরি হয়ে যায়। ওই সদস্যরাই সংগঠনের ব্যানারে আয়োজন করে থাকেন যাত্রাপালার। কিন্তু এই যাত্রাপালার নামে অনুমতি এনে তাঁরা সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত অশ্লীল নৃত্য প্রদর্শনীর আয়োজন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে তাঁরা যাত্রার প্যান্ডেলে হাউজি খেলা ও জুয়ার আসর বসাচ্ছেন। নরসিংদীর বেলাব উপজেলার পাহাড় উজিলাব গ্রামে বঙ্গবন্ধু সমাজকল্যাণ সাংস্কৃতিক স্মৃতি সংসদের সদস্যরা এই অপতত্পরতা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু বেলাবই নয়, জেলার সব উপজেলায় এক বা একাধিক স্থানে এভাবে প্রভাবশালী ব্যক্তিরা যাত্রার প্যান্ডেলে অশ্লীল নৃত্যের প্রদর্শনী এবং জুয়া ও হাউজি খেলার আয়োজন করছে। খোঁজ নিয়ে জানা গেছে, নরসিংদীর রায়পুরা উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন মুঠোফোন টাওয়ার মাঠ, মরজাল মাঠ, বেলাব উপজেলার নীলকুঠি এলাকায় যাত্রাপালার নামে হাউজি, জুয়া খেলা ও অশ্লীল নাচের প্রদর্শনী চলছে। রোববার বেলাব উপজেলার পাহাড় উজিলাব যাত্রাপালার মাঠে ঢোকার আগে বিশাল তোরণ দেখা যায়। তোরণের মধ্যে আয়োজক সংগঠন হিসেবে বঙ্গবন্ধু সমাজকল্যাণ সাংস্কৃতিক স্মৃতি সংসদের নাম লেখা আছে। ভেতরে প্রবেশ করতেই দেখা যায়, আয়োজকদের বেশ কয়েকজন বসে আছেন। বশীর উদ্দিন আহমেদ ও আক্তারুজ্জামান নামে দুই ব্যক্তি নিজেদের সংগঠনের সহসভাপতি হিসেবে পরিচয় দেন। পরে তারা জানান, এলাকায় সাংস্কৃতিক অঙ্গনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে তাঁরা ২০০৬ সালে বঙ্গবন্ধু সমাজকল্যাণ সাংস্কৃতিক স্মৃতি সংসদ গঠন করেন। এরপর থেকে নিয়মিত তাঁরা এই যাত্রাপালার আয়োজন করছেন। যাত্রাপালায় অশ্লীল নাচের কথা অস্বীকার করলেও হাউজি খেলা চালানোর কথা তাঁরা স্বীকার করেন। সংগঠনের কার্যালয় থাকার কথা প্রথমে বললেও পরে তাঁরা দেখাতে পারেননি। একপর্যায়ে এক সদস্য মাঠের পাশের একটি বন্ধ থাকা ওষুধ বিক্রির ঘর দেখিয়ে বলেন, ‘এটি হলো বঙ্গবন্ধু সমাজকল্যাণ সাংস্কৃতিক স্মৃতি সংসদের কার্যালয়।’রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুছ আলী ভূঁইয়া বলেন, ‘সারা জেলায় এখন যাত্রাপালার নামে জুয়া আর অশ্লীল নাচের জমজমাট আসর বসানো হয়েছে। বিষয়টি জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় বলা হয়েছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না।’পুলিশ সুপার মোহাম্মদ আলী মিয়া বলেন, যাত্রাপালার প্যান্ডেলের ভেতর কী হচ্ছে তা জানার জন্য আমরা জনপ্রতিনিধিদের মাধ্যমে কমিটি করে দিয়েছি। তারা মাঠ পরিদর্শন করে আমাদের প্রতিবেদন দেবেন। খারাপ কিছু পাওয়া গেলে মাঠ চালাতে দেওয়া হবে না।জেলা প্রশাসক অমৃত বাড়ৈ জানান, বেশ কয়েকটি শর্তের ভিত্তিতে যাত্রাপালার আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। আয়োজকেরা এসব শর্ত না মানলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।