বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সে ছাত্রলীগের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সের ভেতরে গতকাল শনিবার ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন নিয়ে গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের মধ্যে এ সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, ছাত্রলীগের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি এ এইচ এম বদিউজ্জামান ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুলের নেতৃত্বে কমিটির নেতারা গতকাল দুপুরে টুঙ্গিপাড়ায় আসেন। বেলা সাড়ে তিনটার দিকে তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলা না উপজেলা ছাত্রলীগ শ্রদ্ধা জানাবে—তা নিয়ে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ার নেতা-কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা ও হাতাহাতি শুরু হয়। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় ও আওয়ামী লীগের স্থানীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।এর কিছুক্ষণ পর টুঙ্গিপাড়া ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সমাধি কমপ্লেক্সের সামনের রাস্তায় জেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে টুঙ্গিপাড়া ছাত্রলীগের নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সমাধি কমপ্লেক্সের ভেতরে ঢুকে পড়েন এবং সব ফটকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। পরে তাঁরা সমাধি কমপ্লেক্সের ভেতরে জেলা নেতা-কর্মীদের খুঁজে খুঁজে মারধর করেন। একপর্যায়ে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা সমাধি কমপ্লেক্স ত্যাগ করেন।টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযোগ, সংগঠনের কেন্দ্রীয় নেতারা টুঙ্গিপাড়ায় আসবেন, তা জেলা কমিটি তাঁদের জানায়নি। কোনো কাজে তাঁদের সম্পৃক্ত করা হয়নি।টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বি এম তৌফিক ইসলাম প্রথম আলোকে বলেন, ‘জেলা ও উপজেলা নেতারা ১ নম্বর ফটকে অপেক্ষা করছিলেন। কিন্তু কেন্দ্রীয় নেতারা ২ নম্বর ফটক দিয়ে ঢুকে পড়ায় ভুল-বোঝাবুঝি থেকে এ ঘটনা ঘটেছে। আপা (প্রধানমন্ত্রী) যাতে ঘটনাটি না জানেন, সে জন্য আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি মিটিয়ে ফেলেছি।’এ ব্যাপারে জেলা ছাত্রলীগের নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কয়েকজন কর্মী অভিযোগ করেন, টুঙ্গিপাড়া ছাত্রলীগের কর্মীরা অপরিচিত যাকে পেয়েছে, তাকেই পিটিয়েছে।যোগাযোগ করা হলে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম। সেখানে তেমন কিছু হয়নি। শুধু কথা-কাটাকাটি হয়েছে।’