বঙ্গবন্ধু সমাধিসৌধের কর্মচারীদের ৫৩ মাসের বেতন অনিশ্চিত!
দুই মন্ত্রণালয়ের ঠেলাঠেলিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের ৫৩ মাসের বেতন-ভাতা অনিশ্চিত হয়ে পড়েছে।ভুক্তভোগী ব্যক্তিরা জানান, ২০০৪ সালের জুলাই থেকে ২০০৭ সালের মার্চ পর্যন্ত ২১ মাসের বেতন-ভাতা কে দেবে, তা নিয়ে এখনো গণপূর্ত মন্ত্রণালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে ঠেলাঠেলি চলছে। অন্যদিকে দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকে ২০১০ সালের অক্টোবর পর্যন্ত ৩২ মাসের বেতন-ভাতা পরিশোধ নিয়ে গণপূর্ত অধিদপ্তরের মধ্যেই ঠেলাঠেলি চলছে। বর্তমান আওয়ামী লীগ সরকারের তিন বছরেও বিষয়টির সুরাহা হয়নি।গত ৯ জুনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. সফিকুল ইসলাম সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে এ ব্যাপারে একটি চিঠি দিয়েছেন। এই চিঠি থেকে জানা যায়, সংস্কৃতি মন্ত্রণালয় তার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে ১৯৯৮ সালের জুন মাসে প্রকল্পটি শুরু করে। ২০০৪ সালের জুনে প্রকল্পটি শেষ হয়। প্রকল্প চলাকালে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা যথানিয়মে পরিশোধ করা হয়। এরপর প্রকল্পটি নবায়ন বা রাজস্ব খাতে হস্তান্তর করা হয়নি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রকল্পের সুবিধাদি ও রক্ষণাবেক্ষণের জন্য গণপূর্ত বিভাগের কাছে ২১ মাস পর ২০০৭ সালের ২২ মার্চ হস্তান্তর করে। এখন প্রশ্ন দেখা দিয়েছে, মাঝের এই ২১ মাসের বেতন-ভাতা কে পরিশোধ করবে?ওই পত্রে বলা হয়েছে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের হস্তান্তরপত্রে আগের জনবলের কোনো উল্লেখ ছিল না। স্থাপনা ও সুবিধাদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব গণপূর্ত বিভাগের ওপর ন্যস্ত হলে জনবলের দায়দায়িত্বও গণপূর্তের ওপর বর্তায়।গণপূর্ত বিভাগের গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী প্রদীপ কুমার বসু বলেন, ‘তাঁদের চাকরির ধারাবাহিকতা চেয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। ঈদের পর এ প্রতিবেদন প্রস্তুত করা হবে। এ প্রতিবেদনের ভিত্তিতে আন্তমন্ত্রণালয়ের সভায় তাঁদের বকেয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে।’