বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকেও তপন দে বিদায়
এবার গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালকের দায়িত্ব থেকেও তপন কুমার দেকে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল রোববার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক আদেশে তাঁকে সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ভারপ্রাপ্ত প্রকল্প পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রধান বন সংরক্ষক ইউনুস আলীকে। বন সংরক্ষক (বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ) তপন কুমার দেকে চলতি মাসের শুরুতে বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বন্য প্রাণী সংরক্ষণ শক্তিশালীকরণ প্রকল্পের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ওই দুই প্রকল্পে থাকা অবস্থায় তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, দুর্নীতির অভিযোগ তদন্ত করার স্বার্থেই প্রকল্প থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। গত জুন মাসে রাজধানীর শ্যামলী থেকে তিনটি বাঘের বাচ্চা উদ্ধার করা হয়। এই ঘটনায় আটক বাঘ পাচারকারী চক্রের সদস্য আবদুল কাদের গণমাধ্যম ও র্যাবকে জানান, তপন দের নির্দেশে বাঘের বাচ্চাগুলোকে ঢাকায় আনা হয়েছিল। এর আগে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া দুদকের মামলা আইনি মারপ্যাঁচে স্থগিত হয়ে আছে।