বঙ্গবন্ধু সাফারি পার্ক বনভূমি দখল ও চারাগাছ নিধন
কক্সবাজারের চকরিয়া উপজেলায় অবস্থিত ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের পাগলীর বিল এলাকায় ভূমিদস্যুরা প্রায় ৩০০ হেক্টর বনভূমি গত বুধবার রাতে দখল করে নিয়েছে। এ সময় প্রায় সোয়া লাখ চারাগাছ উপড়ে ফেলা হয়। ওই ঘটনায় পরদিন বৃহস্পতিবার মামলা হলেও পুলিশ গতকাল শনিবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। স্থানীয় সূত্র জানায়, এলাকায় প্রভাবশালী বলে পরিচিত কামাল উদ্দিন ও মনির আহমদ নামের দুই ব্যক্তির নেতৃত্বে শতাধিক ব্যক্তি ওই বনভূমি দখল করে এবং কয়েকটি ঘর তৈরি করে বসতি স্থাপন করে। মোট ৯০০ হেক্টর আয়তনের ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের পাগলীর বিল এলাকায় প্রায় ৩০০ হেক্টর বনভূমিতে পার্ক কর্তৃপক্ষ চলতি বছর বিপুলসংখ্যক গাছ লাগায়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাব ও পার্কের কতিপয় কর্মচারীর যোগসাজশে ভূমিদস্যুরা ওই বনভূমি দখলের সুযোগ পায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ ফরহাদ বলেন, সাফারি পার্কের জমি দখলের খবর পেয়ে পুলিশ গত বুধবার ঘটনাস্থলে গিয়েছিল। দখলদারেরা পুলিশের ধাওয়া খেয়ে জঙ্গলে আত্মগোপন করলে কাউকে আটক করা সম্ভব হয়নি। পার্কের তত্ত্বাবধায়ক বাদী হয়ে এ ঘটনায় কামাল উদ্দিন ও মনির আহমদসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করে মামলা করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলার এজাহারে বলা হয়, প্রায় ৩০০ হেক্টর বনভূমি দখল করার সময় চলতি সালে রোপিত এক লাখ ২৫ হাজার চারাগাছ উপড়ে ফেলা হয়েছে। এতে প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়।