বঙ্গবন্ধু সাফারি পার্কে জেব্রা পরিবারে নতুন সদস্য

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে চতুর্থবারের মতো জেব্রার পরিবারে এল নতুন সদস্য। কর্তৃপক্ষের ধারণা, দুই দিন আগেই জন্ম হয়েছে জেব্রাশাবকটির। ঘন জঙ্গল থেকে বৃহস্পতিবার বাচ্চাটিকে মায়ের সঙ্গে বের হয়ে আসতে দেখা যায়। পার্ক কর্তৃপক্ষ আজ শুক্রবার গণমাধ্যমকে এ কথা জানায়।
সাফারি পার্ক সূত্রে জানা যায়, জন্মের পর মা জেব্রা বাচ্চাটিকে নিয়ে ঘন জঙ্গলে লুকিয়ে থাকায় চোখে পড়েনি। এ পর্যন্ত সাফারি পার্কে আফ্রিকান জেব্রা চারবার বাচ্চা দিয়েছে। বর্তমানে পার্কে বাচ্চাসহ জেব্রা পরিবারে সদস্যসংখ্যা হলো ১৫। প্রাপ্তবয়স্ক ১৪টি জেব্রার মধ্যে সাতটি নারী ও সাতটি পুরুষ। বনের গভীরে অবস্থান করায় এখনো সদ্য জন্ম নেওয়া বাচ্চাটির লিঙ্গ নির্ণয় করা সম্ভব হয়নি। পার্ক প্রতিষ্ঠার পর থেকে কয়েক ধাপে দক্ষিণ আফ্রিকা থেকে জেব্রাগুলো আনা হয়।
পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান বলেন, সাদা-কালো ডোরার এই প্রাণীগুলো দক্ষিণ আফ্রিকান প্রজাতির। সাফারি পার্কে কোর সাফারিতে জেব্রার সঙ্গে অরিক্স, ওয়াইল্ডবিস্ট, জিরাফ, গ্যাজেল কমনইল্যান একই সঙ্গে বসবাস করে। জেব্রাশাবক সাত থেকে আট মাস মায়ের দুধ পান করে। জেব্রা ১২ থেকে ১৩ মাস পর্যন্ত গর্ভধারণ করে। প্রকৃতিতে ২০ বছর বাঁচলেও আবদ্ধ পরিবেশে এরা ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকে। জেব্রা সাধারণত একসঙ্গে একটি বাচ্চাই প্রসব করে।
পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন নিজাম উদ্দীন চৌধুরী বলেন, জন্মের পর জেব্রাশাবকটি মায়ের সঙ্গে আছে। শাবকটি সুস্থ রয়েছে। কয়েক সপ্তাহের মধ্যেই মায়ের সঙ্গে ঘুরতে ঘুরতে মায়ের মতোই খাবার গ্রহণে অভ্যস্ত হতে থাকবে শাবকটি।