বঙ্গবন্ধু সাফারি পার্কে শিশু ক্যাঙারু
বাচ্চাকে বুকের থলিতে নিয়ে মা ক্যাঙারু রোদ পোহাচ্ছে। কিছুক্ষণ পরপর বাচ্চাটি থলে থেকে মুখ বের করে চারপাশ দেখছে। মাঝেমধ্যে বাচ্চাটি থলে থেকে বের হয়ে মায়ের পাশে শুয়ে থেকে আবার থলিতে ঢুকে যাচ্ছে।
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের নতুন অতিথি এই শিশু ক্যাঙারুটি। ছয় মাস ধরে একটি ক্যাঙারু বাচ্চা জন্ম দিয়ে বুকের থলেতে নিয়ে চলাফেরা করছিল। আজ বুধবার থেকে বাচ্চাটি থলে থেকে বের হয়ে বাইরে বিচরণ করছে। মা ও বাচ্চা উভয়ই ভালো আছে বলে জানিয়েছেন পার্কের ভেটেরিনারি সার্জন নিজাম উদ্দিন। সদ্যোজাত বাচ্চাসহ পার্কে মোট ক্যাঙারুর সংখ্যা এখন তিনটি। শিশু ক্যাঙারু এখন এই একটিই।

পার্কের বন্য প্রাণী পরিদর্শক সারোয়ার হোসেন খান জানান, ক্যাঙারু সাধারণত গর্ভে সন্তান ধারণের ৩৩ দিন পর প্রাকৃতিক পরিবেশে তা ভূমিষ্ঠ করে। পরে এটি অতিপ্রাকৃতিকভাবেই বুকের থলেতে প্রবেশ করে। এই প্রক্রিয়াটি সাধারণত দেখা যায় না। তাই কখন বাচ্চা প্রসব করছে, তা নিশ্চিতভাবে বলা যায় না। জন্মের সময় সদ্যোজাত বাচ্চার আকার টিকটিকির মতো হয়ে থাকে যার দৈর্ঘ্য হয় সর্বোচ্চ ৪ ইঞ্চি। বাচ্চা ধীরে ধীরে থলেতে বড় হতে থাকলে থলের আকৃতি দেখে বুঝতে হয় বাচ্চা জন্ম হয়েছে। ছয় মাস ধরে বাচ্চা থলিতেই থাকে। এদের বুকের থলির ভেতর নিপল থাকায় বাচ্চা থলিতে থাকা অবস্থায় মায়ের দুধ খেতে পারে। এই ক্যাঙারুটি এর আগেও বাচ্চা দিয়েছিল। বর্তমানে সে আরও একটি মেয়ে বাচ্চা প্রসব করেছে। স্বভাবজাত কারণে ছয় মাসের পরে আরও চার থেকে পাঁচ মাস ধরে বাচ্চাটি থলে থেকে মাঝেমধ্যে বাইরে অবস্থান করে আবার ভেতরে চলে যায়।
আজ সরেজমিন বঙ্গবন্ধু সাফারি পার্কের ক্যাঙারু শেডে গিয়ে দেখা যায়, থলেতে ঢুকতে মা তার বাচ্চাকে বিশেষ কায়দায় সাহায্য করছে। পার্কের এই অংশটিতে ক্যাঙারুর থাকার জন্য সবুজ ঘাসে মোড়ানো পাহাড়ি পরিবেশ তৈরি করা হয়েছে। অন্য একটি ক্যাঙারু মা ক্যাঙারুকে কেন্দ্র করে সামনের পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছে।
সাফারি পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত ২০১৪ সালে দক্ষিণ আফ্রিকা থেকে রেড ক্যাঙারু জাতের দুটি নারী ও একটি পুরুষকে সাফারি পার্কে এনে রাখা হয়। এদের মধ্যে একটি ক্যাঙারু গত বছরের মে মাসে একটি বাচ্চা প্রসব করেছিল। তবে গত বছরের শেষ দিকে সেটি মার যায়। এরপর পুরুষ ক্যাঙারুটি মারা যাগ গত সেপ্টেম্বরে।
ক্যাঙারুকে খাবার হিসাবে পালংশাক, পাকা কলা, কচি ঘাস, লতাপাতা ও অন্যান্য শস্য খাবার হিসেবে দেওয়া হয়। পুরুষ ক্যাঙারু সাধারণত ২৪ মাসে প্রজননক্ষম হয়। স্ত্রীদের প্রজননক্ষম হওয়ার বয়স ১৫ থেকে ২০ মাস। বন্য পরিবেশে এদের গড় আয়ু হয় ১২ থেকে ১৬ বছর। বদ্ধ পরিবেশে এরা ২০ থেকে ২২ বছর বাঁচে। এই প্রাণীগুলো সবচেয়ে বেশি দেখা যায় অস্ট্রেলিয়ায়। বঙ্গবন্ধু সাফারি পার্ক ছাড়া বাংলাদেশে আর কোথাও ক্যাঙারু নেই।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোতালেব হোসেন প্রথম আলোকে বললেন, ‘ক্যাঙারু বিদেশি পরিবেশের প্রাণী। আমরা এখানে প্রাণীগুলোকে বিশেষ পরিবেশে বড় করেছি। সে তার প্রাকৃতিক পরিবেশের মতোই এই পরিবেশে খাপ খাইয়ে নিয়েছে বলেই গত বছরও বাচ্চা প্রসব করেছে। কিছুদিন পর বাচ্চাটিকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে পার্কে দর্শনার্থীর কাছে এটি বিনোদনের নতুন মাত্রা যোগ করবে।