বঙ্গবন্ধু সাফারি পার্কের একটি জিরাফের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের চারটি জিরাফের মধ্যে একটি গত শনিবার বিকেলে মারা গেছে। মৃত জিরাফটিকে পার্কে মাটিচাপা দেওয়া হয়। প্রাণীটির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পার্ক কর্তৃপক্ষ।
সাফারি পার্কের কর্মকর্তারা জানান, কয়েক দিন ধরেই জিরাফটি খাওয়া কমিয়ে দেয় এবং ঝিমুতে থাকে। এ লক্ষণ দেখার পর এর চিকিৎসার জন্য কর্তৃপক্ষ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. আবদুর রহমান, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল জলিল ও পার্কের পশু চিকিৎসক ডা. জুলকার নাইন মানিককে দায়িত্ব দেন। চিকিৎসার জন্য বোর্ডও গঠন করা হয়। এ অবস্থায় শনিবার বিকেল ছয়টার দিকে মারা যায় জিরাফটি।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল জলিল গতকাল রোববার প্রথম আলোকে বলেন, এখনই সম্ভাব্য রোগ সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। শনিবার রাতে ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো. শাহাব উদ্দিনের উপস্থিতিতে জিরাফটির ময়নাতদন্ত করার পর রোগ নির্ণয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা গতকাল (রোববার) ঢাকার কেন্দ্রীয় পশুরোগ অনুসন্ধান গবেষণাগার ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক লক্ষণ থেকে ধারণা করা হচ্ছে, জিরাফটির ফুসফুস ও হৃদ্যন্ত্রে সমস্যা ছিল।
সাফারি পার্কের জিরাফ চারটি ২০১১ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছিল।