বঙ্গবন্ধু সাফারি পার্কের জমি অধিগ্রহণ সিদ্ধান্তের প্রতিবাদ আদিবাসীদের
গাজীপুরের শ্রীপুরে নির্মিতব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের জন্য জমি অধিগ্রহণের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে স্থানীয় আদিবাসীরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় শ্রীপুরের ভেরামতলীতে আদিবাসী কমিউনিটি সেন্টারে’ স্থানীয় আদিবাসীরা সমবেত হয়ে এই প্রতিবাদ জানায়। বুদ্ধিজীবী ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদের নেতৃত্বে একটি দল ঢাকা থেকে আদিবাসীদের ওই সভায় গিয়ে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে। গণফোরামের নেতা পঙ্কজ ভট্টাচার্য ও সাংবাদিক সালিম সামাদ এই দলে ছিলেন। সভায় স্থানীয় আদিবাসীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে, তারা গত ২২ ফেব্রুয়ারি ভেরামতলী গ্রামের নয়টি বর্মণ পরিবারের জমি বঙ্গবন্ধু সাফারি পার্কের জন্য অধিগ্রহণ করা হবে মর্মে জেলা প্রশাসকের কাছ থেকে নোটিশ পান। কিন্তু বন বিভাগ কিংবা জেলা প্রশাসন তাদের ক্ষতিপূরণ প্রশ্নে কিছু জানায়নি। এই প্রকল্পের জন্য বড় রাথুরা মৌজার ৩৬৩ দশমিক ১৭ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৮০ বছরের বৃদ্ধ রাধানাথ বর্মণ অভিযোগ করে বলেন, ‘সরকারের বিরুদ্ধে কিছু বলতে চাই না, বললেই কেস (মামলা) হবে। সরকার এখানে পার্ক করলে আমরা আদিবাসীরা কোথায় যাব, আমাদের কীভাবে ক্ষতিপূরণ দেবে, কোথায় চাকরি দেবে বা পুনর্বাসন করবে, তা আমরা কিচ্ছু জানি না।’ কর্ণমোহন বর্মণ (৬০) একই অভিযোগ করে বলেন, ‘আমাদের চাষের জমি অধিগ্রহণ করলে কী করে খাব? সরকার বিঘাপ্রতি কত টাকা ক্ষতিপূরণ দেবে, তা কিছুই বলেনি।’ আদিবাসীরা আরও জানায়, ৮ মার্চ নোটিশপ্রাপ্ত নয়জনই গাজীপুর জেলা প্রশাসকের কাছে ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে আপত্তিপত্র জমা দিয়েছেন। কিন্তু জেলা প্রশাসন থেকে এখনো তাঁদের কিছু জানানো হয়নি। সভায় সৈয়দ আবুল মকসুদ আদিবাসীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, সরকার বঙ্গবন্ধু সাফারি পার্কের নামে স্থানীয় আদিবাসীদের জমি উচ্ছেদ ও জবরদখলের অপচেষ্টা চালাচ্ছে। সাফারি পার্ক করলে এ থেকে মানুষের কোনো অর্থনৈতিক লাভ হবে না, কিংবা এই এলাকার বেকার সমস্যারও কোনো সমাধান হবে না। বরং এই সাফারি পার্ক হবে সম্পূর্ণ অপ্রয়োজনীয়। সভায় ৫০ থেকে ৬০ জন স্থানীয় আদিবাসী বর্মণ উপস্থিত ছিলেন। আদিবাসীদের অভিযোগ প্রসঙ্গে বঙ্গবন্ধু সাফারি পার্কের প্রকল্প পরিচালক তপন কুমার দে প্রথম আলোকে মুঠোফোনে বলেন, জমি অধিগ্রহণ করলে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না—এ অভিযোগ সত্য নয়। বড় রাথুরা মৌজার ইন্দ্রপুরে একরপ্রতি জমির জন্য স্থানীয় অধিবাসীদের প্রায় ২৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। প্রতি একর জমির জন্য বাজার চলতি দামের দেড় গুণ করে ক্ষতিপূরণ দেওয়া হয়। এ ছাড়া বড় রাথুরা মৌজায় কোনো আদিবাসী নেই উল্লেখ করে তিনি বলেন, এদের সবাই আসলে বাঙালি হিন্দু। ২০১০ সালের ১১ মে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদের (একনেক) সভায় প্রাকৃতিক পরিবেশ এবং বিভিন্ন বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী ও পাখি সংরক্ষণের উদ্দেশ্যে ৬৪ কোটি টাকা ব্যয়ে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণের প্রকল্প অনুমোদন করা হয়।