বঙ্গবন্ধু সেতু এলাকায় ফের সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়ীতে গত সোমবার রাতে বাসের চাপায় সিএনজিচালিত একটি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। তাঁদের চারজন একই পরিবারের সদস্য।
এর আগে গত রোববার একই এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৭ জন নিহত হন। ওই দুর্ঘটনায় আহত ব্যক্তিদের অনেকে এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বামনবাড়িয়া গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে রোজিনার নাকের অস্ত্রোপচারের জন্য তাঁকে নিয়ে ওই পরিবারের চার সদস্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে যান। চিকিৎসা শেষে রাত সাড়ে ১২টার দিকে তাঁরা সবাই একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। রাত পৌনে একটার দিকে অটোরিকশাটি বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সদর উপজেলার মুলিবাড়ী রেলক্রসিং এলাকায় পৌঁছালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী শ্যামলী পরিবহনের একটি বাস যানটিকে সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই অটোরিকশাটির চালকসহ তিন যাত্রী নিহত হন। গুরুতর অবস্থায় আহত তিনজনকে সিরাজগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও দুজন মারা যান।
নিহত ব্যক্তিরা হলেন কামারখন্দ উপজেলার কাজীপুরা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০), তাঁর শ্বশুর বেলকুচি উপজেলার বামনবাড়িয়া গ্রামের আবদুল রাজ্জাক (৬০), তাঁর স্ত্রীর বড় ভাই আবদুল জব্বারের স্ত্রী মমতা বেগম (২৫) ও শ্যালিকা রোজিনা খাতুন (১৬) এবং অটোরিকশার চালক সদর উপজেলার পোড়াবাড়ী গ্রামের আবদুল খালেকের ছেলে আরমান হোসেন (৩০)।
সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. মিরাজ উদ্দীন আহম্মেদ জানান, এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা হয়েছে। অটোরিকশাটিকে চাপা দেওয়া বাসটিকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন।