বঙ্গবন্ধু সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
সিরাজগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের নলকা হোড়গাতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বেলা দেড়টার দিকে ওই স্থানে ঝিনাইদহ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে সিরাজগঞ্জ শহরের একটি ক্লিনিক থেকে উল্লাপাড়াগামী যাত্রীবাহী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার চালক উল্লাপাড়ার ভেংড়ি গ্রামের মো. জাহাঙ্গীর (৩০), যাত্রীদের মধ্যে আর্জিনা বেগম (২২) ও খায়রুল ইসলাম (১৮) ঘটনাস্থলেই নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী আর্জিনার স্বামী এরশাদ আলী ও তাঁদের চার মাসের ছেলে মো. আবদুল্লাহকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে তারা মারা যায়। তাদের বাড়ি উল্লাপাড়ার বিনোদপুর গ্রামে। পরে এলাকাবাসী বাসটিকে আটক করে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।নিহত এরশাদের ভাই এমারুল আলী জানান, বড় ভাই এরশাদ তাঁর একমাত্র ছেলে আবদুল্লাহ, স্ত্রী আর্জিনা ও ভাগনে খায়রুল ইসলামকে নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়ে শহরের শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান। সেখানে আবদুল্লাহকে চিকিৎসক দেখার পর তাঁরা বাড়ির দিকে রওনা হন। পথে এ দুর্ঘটনা ঘটে।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এমারুল আলী বাদী হয়ে একটি মামলা করেছেন।