বঙ্গবন্ধু সেতু কার্যালয়ে স্থানীয়দের চাকরি দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের সাইট অফিস ও যমুনা রিসোর্টে স্থানীয় লোকদের চাকরি দেওয়ার দাবিতে এবং বহিরাগতদের চাকরি থেকে বহিষ্কারের দাবিতে ১০ দিনের সময় বেঁধে দিয়েছে স্থানীয় আওয়ামী লীগ। সূত্র জানায়, বিকেল সাড়ে ছয়টায় জনসভা শেষে আওয়ামী লীগের নেতা-কর্মীরাসহ কয়েক শ লোক সেতুর পূর্ব পাশের সাইট অফিসে ও যমুনা রিসোর্ট এলাকায় (কেপিআইভুক্ত এলাকা) মিছিল নিয়ে ঢোকার চেষ্টা করে। এ সময় মিছিলটি কেপিআই এলাকার পূর্ব গোলচত্বরে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ সময় ব্যস্ততম সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর দুই পার্শ্বে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। পূর্ব সাইট অফিসের প্রকৌশলী ওয়াহিদুজ্জামান বলেন, এই অফিসে স্থানীয় লোকজনই বেশি চাকরি করছেন। বহিরাগত মানুষের সংখ্যা খুবই কম। অন্যায়ভাবে মিছিল নিয়ে কেপিআই এলাকায় ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।