বঙ্গবন্ধু সেতু-চিলমারী মহাসড়ক হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম প্রান্ত থেকে কুড়িগ্রামের চিলমারী পর্যন্ত ১৪৬ কিলোমিটার দীর্ঘ আরেকটি চার লেনের মহাসড়ক নির্মাণ হতে যাচ্ছে। এটি শুধু মহাসড়ক হবে না; যমুনা পাড়ের মানুষকে ভাঙন থেকে বাঁচাতে তীর সংরক্ষণের কাজও করবে এই মহাসড়ক।
বিশ্বব্যাংকের অর্থায়নে এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘রিভার ব্যাংক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’। এই প্রকল্পের নির্মাণ ব্যয় ধরা হয়েছে আট হাজার কোটি টাকা। তবে প্রাথমিক পর্যায়ে অগ্রাধিকার ভিত্তিতে সিরাজগঞ্জের সিমলা থেকে বগুড়ার সারিয়াকান্দি পর্যন্ত ৫০ কিলোমিটার মহাসড়ক, ৫০ কিলোমিটার নদীর তীর সংরক্ষণ বাঁধ এবং ১৫ কিলোমিটার নদীর তীরের বাঁধ পুনর্বাসনে ব্যয় ধরা হয়েছে তিন হাজার কোটি টাকা। আগামী বছরের জুলাই থেকে এর কাজ শুরু হবে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম গতকাল শুক্রবার বিকেলে বগুড়ার সারিয়াকান্দিতে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে এ প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, বঙ্গবন্ধু সেতু থেকে কুড়িগ্রাম পর্যন্ত আরেকটি চার লেনের মহাসড়ক নির্মাণের কাজ শেষ হলে উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন হবে।
সারিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে বিকেল চারটায় পানি উন্নয়ন বোর্ডের ইসিআরআরপি প্রকল্পের পরিচালক সরদার সিরাজুল হকের সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে স্থানীয় সাংসদ আবদুল মান্নান, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদরা মান্নান, প্রকল্পের উপ-দলনেতা হাবিবুর রহমান, নদী ব্যবস্থাপনা প্রকৌশলী মোখলেসুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের বগুড়ার নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় পাবলিক মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেন।