বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ মেরিন একাডেমির অধ্যক্ষের সঙ্গে বাসশ্রমিকদের অসদাচরণের প্রতিবাদে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল বুধবার বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক অবরোধ করেন। অবরোধ চলাকালে রাস্তা পার হওয়ার সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি (৫৫) বাসের ধাক্কায় মারা যান।

মহাসড়কের সদর উপজেলার মুলীবাড়ি নামক স্থানে বেলা সোয়া তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এ অবরোধ চলে। মহাসড়কের দুপাশে বহু যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ও মেরিন একাডেমির অধ্যক্ষ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের অনুরোধ করলে তাঁরা অবরোধ তুলে নেন।

অবরোধে অংশ নেওয়া সিরাজগঞ্জ মেরিন একাডেমির শিক্ষার্থী ওয়াজ করণী বলেন, গতকাল বিকেলে তাঁদের অধ্যক্ষ সুলতান সালাউদ্দিন নিজ বাড়ি টাঙ্গাইলে যাওয়ার জন্য কড্ডার মোড়ে অভি নামের একটি বাসে ওঠেন। এ সময় ওই বাসের শ্রমিকেরা তাঁর সঙ্গে অসদাচরণ করেন। এ ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, অবরোধ চলাকালে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় এক ব্যক্তি আহত হন। সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হাসপাতালের চিকিৎসক শামীম আহমেদ দুর্ঘটনায় আহত ব্যক্তির মারা যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।