বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড
বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার ১৯ তম বার্ষিকীতে টোল আদায়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত প্রায় ২৭ হাজার যানবাহন সেতু পাড়ি দিয়েছে। এতে দুই কোটি ১৫ লাখ টাকা টোল আদায় হয়েছে। সেতু কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
সেতু কর্তৃপক্ষ দাবি করেছে, সেতুটি চালু হওয়ার পর থেকে এর আগে একদিনে এত টোল আদায় সম্ভব হয়নি।
বর্তমানে সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)।
সেতু কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধু সেতু ব্যবহার করে উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২৬টি জেলায় বিভিন্ন পরিবহন যাতায়াত করে। সেতু উদ্বোধন হওয়ার পর থেকে নিয়মিত টোল আদায় করা হয়। তবে অন্যান্য বছরের তুলনায় এবার ঈদ উপলক্ষে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। এতে উত্তরবঙ্গের দিকে ১৬ হাজার ৭৭০ বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন পার হয়েছে। ঢাকার দিকে পার হয়েছে ৯ হাজার ৯৬২টি যানবাহন।
বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে নিয়োজিত প্রতিষ্ঠান কমিউটার সিস্টেম নেটওয়ার্কের ব্যবস্থাপক আমিনুর রহমান জানান, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সর্বোচ্চ টোল আদায় করা হয়েছে। এ টোল অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি। তবে, ঈদের পর ফিরতি পথে এর পরিমাণ আরও বেশি হতে পারে।