বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড
বঙ্গবন্ধু যমুনা সেতুতে গত শুক্রবার ২ কোটি ১৫ লাখ টাকা মাশুল (টোল) আদায় হয়েছে।
সেতু চালু হওয়ার পর গত ১৯ বছরে এক দিনে এটি টোল আদায়ের রেকর্ড।
সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৭০০টি যানবাহন সেতুটি পার হয়েছে। এ যানবাহনগুলো থেকে ২ কোটি ১৫ লাখ টাকা টোল আদায় হয়েছে। ১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর এক দিনে আদায় হওয়া এটি সবচেয়ে বেশি টোল।
সেতু কর্তৃপক্ষ আরও জানায়, বঙ্গবন্ধু যমুনা সেতু ব্যবহার করে উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২৬টি জেলার যানবাহন চলাচল করে। ওই ২৪ ঘণ্টায় পূর্বপ্রান্ত থেকে বঙ্গবন্ধু যমুনা সেতু পার হয়ে গেছে ১৬ হাজার ৭৭০ বাস-ট্রাকসহ বিভিন্ন পরিবহন। আর ঢাকার দিকে এসেছে ৯ হাজার ৯৬২টি পরিবহন।
বর্তমানে সেতুর টোল আদায় করছে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সিএনএসের ব্যবস্থাপক আমিনুর রহমান বলেন, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত এক দিনে এযাবৎকালের সর্বোচ্চ টোল আদায় হয়েছে। ঈদুল ফিতর উদ্যাপনের পর ফিরতি পথে এর পরিমাণ আরও বেশি হতে পারে।