বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় মন্ত্রীর ছেলেসহ নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর এলাকায় চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে গতকাল কুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় দুটি যাত্রীবাহী বাস। এতে উভয় বাসের চালকসহ তিনজন নিহত হন l ছবি: প্রথম আলো
চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর এলাকায় চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে গতকাল কুয়াশার কারণে মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় দুটি যাত্রীবাহী বাস। এতে উভয় বাসের চালকসহ তিনজন নিহত হন l ছবি: প্রথম আলো

শীতের সকালের ঘন কুয়াশায় ঢাকা মহাসড়ক। দৃষ্টিসীমা খুবই সীমিত। এমন পরিস্থিতিতেই গতকাল শনিবার বঙ্গবন্ধু সেতুতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে বেশ কয়েকটি যানবাহন। এতে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলেসহ সাতজন নিহত হয়েছেন।
প্রথমে কুয়াশায় কারণে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি যাত্রীবাহী বাস। তার পেছনে ধাক্কা দেয় আরেকটি যান। এভাবে একে একে ২০ থেকে ২৫টি ব্যক্তিগত গাড়ি, বাস ও ট্রাক একটি আরেকটির ওপর আছড়ে পড়ে। এমনকি পুলিশ কিংবা উদ্ধারকর্মীদের গাড়িও দৃশ্যত নজিরবিহীন ধরনের এ দুর্ঘটনা থেকে রেহাই পায়নি। এ ছাড়া গতকাল রাজধানীসহ দেশের আরও সাত জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন।
ঢাকা ও এর বাইরের প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতুর টাঙ্গাইল জেলা অংশের প্রান্তে গতকাল সকালে পরপর কয়েকটি দুর্ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে হীরক হাসানুর রহমান শরীফ রানাসহ (৩৯) সাতজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও সেতু কর্তৃপক্ষ বলছে, ঘন কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটে। অধিকাংশ ক্ষেত্রে পেছন থেকে ধাক্কার ঘটনা ঘটেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখিরুজ্জামান বিবিসিকে বলেন, কোনো সংঘর্ষই মুখোমুখি ছিল না। উদ্ধার করতে এসে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সও দুর্ঘটনায় পড়ে।
পরিচয় নিশ্চিত হওয়া চারজন নিহত ব্যক্তি হলেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনবাড়ী গ্রামের তোফাজ্জল হোসেন (৩৩), পাবনার সাঁথিয়া উপজেলার নূরে আমিন (২০), সুজানগর উপজেলার সোহেল রানা (২৮), রংপুরের কলেজপাড়া মহল্লার বাসিন্দা ও একটি ট্রাকের চালকের সহকারী রাসেল মিয়া (২০)। বাকি দুজনের পরিচয় গতকাল রাত পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের সিরাজগঞ্জ শাখার উপসহকারী পরিচালক নিজাম উদ্দিন বলেন, সকাল সাড়ে ছয়টায় সেতুর উত্তর লেনে ৪০ নম্বর পিলারের কাছে একটি গরুবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় পাবনা থেকে ঢাকাগামী সরকার পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই বাসের তিন যাত্রী নিহত ও ১২ জন আহত হন। এরপরই কয়েক মিনিটের মধ্যে ২০ থেকে ২৫টি গাড়ি ওই জায়গায় এসে একটি আরেকটির সঙ্গে পেছন থেকে ধাক্কা খায়। এই গাড়িগুলোর মধ্যে একটি প্রাইভেট কারে ছিলেন ভূমিমন্ত্রীর ছেলে রানা শরীফ। তিনি চিকিৎসার জন্য পাবনা থেকে ঢাকায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় রানা শরীফ অসুস্থ হয়ে পড়েন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘন কুয়াশায় গতকাল ভোরে বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনার চিত্র। l প্রথম আলো
ঘন কুয়াশায় গতকাল ভোরে বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনার চিত্র। l প্রথম আলো

এ সময় একটি ট্রাকের পেছনে আরেকটি গাড়ি ধাক্কা দিলে ট্রাকের সহকারী রাসেল ও অজ্ঞাত আরেকজন গুরুতর আহত হন। টাঙ্গাইল ও সিরাজগঞ্জ হাসপাতালে নেওয়ার পর তাঁদের মৃত্যু হয়।
আরেকটি ঘটনায় সকাল পৌনে ১০টার দিকে সেতুর ৩০ নম্বর পিলারের কাছে ঢাকাগামী আবু তালহা পরিবহনের একটি বাস সামনে থাকা একটি কাঠবোঝাই ট্রাককে ধাক্কা দিলে বাসটির ভেতরে কাঠের গুঁড়ি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে ভোরে দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার তৎপরতা ও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেতুর ওপর পৃথক দুর্ঘটনায় পাঁচজন ফায়ার সার্ভিস ও দুজন পুলিশ সদস্য এবং চারজন সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিকেরা হলেন মাছরাঙা টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি রিফাত রহমান, সময় টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি রিংকু কুণ্ডু, চ্যানেল ২৪-এর ক্যামেরা পারসন নাজমুল হক ও চ্যানেল আইয়ের ক্যামেরা পারসন আশরাফুল ইসলাম।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা বলেন, ভোরে ঘন কুয়াশা ছিল। সেতুর ওপর লাইট পোস্টে আলো ছিল অপর্যাপ্ত। অনেক পোস্টে বাতি জ্বলতেও দেখা যায়নি। তবে
সেতু কর্তৃপক্ষের পূর্ব পাড়ের কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ দাবি করেন, সেতুর ওপরে আলো ছিল। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে সেতুতে স্থাপন করা সিসি ক্যামেরাতেও কিছু দেখা যায়নি।

ডানের ছবিতে সেতুর ওপর ক্ষতিগ্রস্ত ট্রাকসহ কয়েকটি যান। l প্রথম আলো
ডানের ছবিতে সেতুর ওপর ক্ষতিগ্রস্ত ট্রাকসহ কয়েকটি যান। l প্রথম আলো

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখিরুজ্জামান বলেন, পাঁচজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুটি লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিলে পৌনে ১১টার দিকে সেতুতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা: রাজধানীর মিরপুর কালশীতে সাংবাদিক আবাসিক এলাকার সামনের সড়কে গতকাল বিকেলে পিকআপ ভ্যানের ধাক্কায় সুমন (১২) নামের এক শিশু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই এলাকায় গতকাল বিকেলে ঘুড়ি উড়াচ্ছিল সুমন। এমন সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পল্লবী থানার ওসি দাদন ফকির বলেন, ট্রাকচালক কবির হোসেনকে (৩৫) আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা: গতকাল সকালে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বাসের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন পূর্বাশা পরিবহনের চালক মনিরুজ্জামান শান্তি (৪৫), দর্শনা ডিলাক্সের চালক দুলাল হোসেন (৩৫) ও যাত্রী আরজ আলী (২৮)।

ভূমিমন্ত্রীর ছেলেকে বহনকারী প্রাইভেট কারসহ ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি l প্রথম আলো
ভূমিমন্ত্রীর ছেলেকে বহনকারী প্রাইভেট কারসহ ক্ষতিগ্রস্ত কয়েকটি গাড়ি l প্রথম আলো

চট্টগ্রাম: হাটহাজারীতে বাসের ধাক্কায় মো. রাসেল (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে উপজেলার বড়দীঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল হাটহাজারী উপজেলার নতুনপাড়া এলাকার বাসিন্দা।
এ ছাড়া পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বিনিনিহারা বোর্ড অফিস এলাকায় দুপুরে রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় আবদুল হক (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
পাবনা: সদরের টেবুনিয়া এলাকায় গতকাল সকালে ট্রাক ও ব্যাটারিচালিত অটো ভ্যান সংঘর্ষে একজন নিহত হন। নিহত সুইট হোসেনের (২৪) বাড়ি সদর উপজেলার মনোহরপুর গ্রামে।
কসবা (ব্রাহ্মণবাড়িয়া): কুমিল্লা-সিলেট মহাসড়কে দেবীদ্বার উপজেলার সিএনবি এলাকায় গতকাল সকালে অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে দুলাল মিয়া (৪২) নামের একজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মিরপুর হাইওয়ে পুলিশের ওসি গোলাম কিবরিয়া।
আক্কেলপুর (জয়পুরহাট): আক্কেলপুরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে বেলাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সৈয়দপুর (নীলফামারী): দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে চার্জার ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক মেনাজুল ওরফে মেনা (৩০) ঘটনাস্থলেই নিহত হন।
ভূমিমন্ত্রীর ছেলের মৃত্যুতে শোক: এক তথ্য বিবরণীতে জানানো হয়, ভূমিমন্ত্রীর ছেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলজিআরডি ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয়-বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রেজাউল করিম হীরা ও সাংসদ গোলাম ফারুক প্রিন্স, মকবুল হোসেন, শামছুল হক টুকু ও আজিজুর রহমান আরজু। মন্ত্রিপরিষদ বিভাগের জ্যেষ্ঠ সচিব শফিউল আলম, ভূমিসচিব মেজবাহ উল আলমও গভীর শোক প্রকাশ করেছেন।