বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতুতে আজ শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে একই সময় পরপর কয়েকটি দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনের বেশি। ওই দুর্ঘটনার পর থেকে সকাল সোয়া ১০টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলছে, কুয়াশার কারণে এসব দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান বলেন, সেতুর পূর্ব প্রান্তে ৩৮ থেকে ৪০ নম্বর পিলারের ওপর ট্রাকের পেছনে সরকার পরিবহনের যাত্রীবাহী একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত ও ১২ জন আহত হয়। সেতুতে ট্রাক ও বাস দুটি পড়ে যায়। এরপরই চার থেকে পাঁচটি গাড়ি ওই জায়গায় এসে একটি আরেকটির সঙ্গে ধাক্কা খায়। এতে চার থেকে পাঁচজন আহত হয়।

আহত ব্যক্তিদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তিদের লাশ সেতুর পূর্ব থানায় রয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

আখেরুজ্জামান বলেন, একই সময় সেতুর দক্ষিণ লেনে দুটি ট্রাকের সংঘর্ষে দুজন আহত হয়েছে।