বগুড়া গাইবান্ধাসহ কয়েকটি জেলায় পাঠকের হাতে পত্রিকা পৌঁছাতেও দেরি হয়
বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে তীব্র যানজট, দুর্ভোগ
বঙ্গবন্ধু যমুনা সেতুর ওপর গত মঙ্গলবার একটি ট্রাক বিকল হয়ে পড়ায় প্রায় আট ঘণ্টা সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করেনি। এতে সেতুর দুই প্রান্তে প্রায় ৩০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। যানজটে পত্রিকাবাহী গাড়ি আটকে থাকায় বগুড়া, গাইবান্ধাসহ কয়েকটি জেলায় পাঠকের হাতে পত্রিকা পৌঁছাতেও দেরি হয়। ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: সিরাজগঞ্জ: মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে বঙ্গবন্ধু সেতুর ২৭ নম্বর পিলারের কাছে একটি মালবাহী ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় যানজটে আটকে পড়া যাত্রীদের কুয়াশা ও শীতে দুর্ভোগে পড়তে হয়। বিশেষ করে নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়ে। পরে গতকাল সকাল নয়টার দিকে সেতু কর্তৃপক্ষ ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। উভয় পাশের যানজট নিরসন হতে দুপুর ১২টা পর্যন্ত লেগে যায়। যাত্রীদের অভিযোগ, পুলিশের গাফিলতিতে চালকেরা ইচ্ছামতো গাড়ি থামানোর কারণে যানজট নিরসন হতে সময় বেশি লাগে। টাঙ্গাইল: ট্রাফিক সার্জেন্ট মোহামঞ্চদ আহসান জানান, বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের কাজ চলায় সেতুর এক লেন দিয়ে গাড়ি চলাচল করছে। এর মধ্যে মঙ্গলবার রাতে মালবোঝাই একটি ট্রাক সেতুর ওপর বিকল হয়ে পড়ে। অতিরিক্ত গাড়ির চাপ থাকায় সেতু কর্তৃপক্ষের রেকারও ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায়। এতে সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। গাইবান্ধা: যানজটের কারণে গতকাল বুধবার প্রথম আলোসহ বিভিন্ন দৈনিক পত্রিকা সাড়ে আট ঘণ্টা পর গাইবান্ধায় পৌঁছায়। গাইবান্ধায় বিকেল সাড়ে চারটার দিকে পত্রিকা পৌঁছে। বগুড়া: সেতুর ওপর ট্রাক বিকল হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগ মঙ্গলবার রাত থেকে কার্যত বন্ধ হয়ে যায়। এতে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি উত্তরবঙ্গের ১১ জেলায় দৈনিক পত্রিকা পৌঁছাতে সাত-আট ঘণ্টা দেরি হয়।