বঙ্গবন্ধু সেতুর টোল বৃদ্ধি নাখোশ চালকেরা
বঙ্গবন্ধু সেতুর টোল যানবাহন ভেদে ১০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্ধিত এ টোল গত বুধবার দিবাগত রাত ১২টা এক মিনিট থেকে কার্যকর হয়েছে।টোল বাড়ানোর এ খবর জানার পর গতকাল বৃহস্পতিবার ভোরে বিভিন্ন যানবাহনের চালকেরা অসন্তোষ প্রকাশ করেন। প্রথমে তাঁরা অতিরিক্ত টোল দিতে অসম্মতি জানান। এ সময় সেতুর উভয় পাশে শত শত যান আটকা পড়ে। পরে টোল দিয়ে চালকেরা সেতু পারাপার হন। সকাল নয়টার দিকে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল আবার স্বাভাবিক হয়।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) শেখ মুজিবর রহমান স্বাক্ষরিত ৮ সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ১৯৯৮ সালে সেতুর ওপর দিয়ে যান চলাচল শুরুর পর যানবাহন ভেদে ৩০ টাকা থেকে এক হাজার ২৫০ টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছিল। বৈদেশিক ঋণ পরিশোধ ও সেতুর রক্ষণাবেক্ষণ কাজে প্রচুর অর্থ ব্যয় হওয়ায় এ টোল যানবাহন ভেদে সর্বনিম্ন ১০ থেকে ১৫০ টাকা বাড়ানো হয়েছে।গতকাল ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে দাঁড়িয়ে থাকা উত্তরবঙ্গ থেকে আসা ট্রাকচালক ফজলুল হক, আহম্মদ আলীসহ কয়েকজন প্রথম আলোকে বলেন, টোল কমানোর জন্য কর্তৃপক্ষের কাছে তাঁদের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল। এ সময় আকস্মিকভাবে টোল বাড়ানো হলো। এটা দুঃখজনক।বঙ্গবন্ধু সেতুর টোল আদায় ও রক্ষণাবেক্ষণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মেজর (অব.) দেওয়ান তারেক রশীদ বলেন, চালকেরা সময়মতো টোল বৃদ্ধির তথ্য না পাওয়ায় কিছুটা জটিলতার সৃষ্টি হয়। পরে ঠিক হয়ে যায়।বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অনেক ট্রাকচালকের কাছে কম টাকা থাকায় টোল দিতে দেরি হয়। পরে তাঁরা টাকা জোগাড় করে টোল দিয়ে সেতু পার হন।