টোল আদায়ে ধীরগতির কারণে গত রোববার রাত থেকে বঙ্গবন্ধু সেতুর উভয় পাশে (পশ্চিম ও পূর্ব) সংযোগ-সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে যাত্রী ও চালকেরা দুর্ভোগের শিকার হচ্ছেন।
সেতু কর্তৃপক্ষ ও যানবাহনের চালকদের সূত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে টোল আদায় কর্তৃপক্ষ কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড (সিএনএস) বঙ্গবন্ধু সেতুর দুই প্রান্তের টোল প্লাজার কম্পিউটারে বিআরটিএর নিবন্ধন করা নতুন সফটওয়্যার সংযোজন করে। এরপর থেকে টোল আদায়ে কিছুটা অতিরিক্ত সময় লাগছে। এ কারণে রাত থেকে টোল প্লাজার দুই প্রান্তে প্রায় ১০ কিলোমিটার সড়কে দীর্ঘ জটের সৃষ্টি হয়। গতকাল সোমবার বেলা ১১টা পর্যন্ত সেতুর পশ্চিম পাশে সয়দাবাদ পর্যন্ত এবং পূর্ব পাশে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত শত শত যানবাহন আটকা পড়ে। যানজটের কারণে সেতু দিয়ে যানবাহন পারাপারে চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
জটে আটকা পড়া উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ট্রাকচালক আবদুর রাজ্জাক, রাজু মিয়া, আতিক হোসেন ও সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগে পাঁচ টন ক্ষমতার ট্রাকের মালামালসহ ১ হাজার ১০০ টাকা টোল দিয়ে পার হতেন। হঠাৎ রোববার রাত থেকে ১ হাজার ৪০০ টাকা করে আদায় করা হচ্ছে। তিন টন ক্ষমতার ট্রাকের টোল ৮০০ টাকা ছিল। এখন ১ হাজার ১০০ টাকা আদায় করা হচ্ছে। অন্যান্য গাড়ি থেকে অতিরিক্ত ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। এতে সব চালক বিপাকে পড়েছেন। অনেক চালকের বাড়তি টাকা না থাকায় গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন। এ কারণে যানজটের সৃষ্টি হচ্ছে।
জানতে চাইলে টোল প্লাজার দায়িত্বে থাকা মো. ওয়াদুদ হোসেন বলেন, সেতু কর্তৃপক্ষ কোনো টোল বাড়ায়নি। সংযোজন করা সফটওয়্যারে গাড়ির ব্লু বুক অনুযায়ী নিবন্ধন নম্বর, ধারণক্ষমতা, সিটের সংখ্যা, চাকার সংখ্যা, গাড়ির নম্বর, চালকের নাম, আদায়কারীর নামসহ বেশ কিছু তথ্য লিখতে হচ্ছে। এই তথ্য কম্পিউটারে দেওয়ার পর প্রকৃত টোল কত সেটি স্বয়ংক্রিয়ভাবে উঠে আসে। সেই টাকাই চালকদের কাছে দাবি করা হচ্ছে। আগে এই গাড়িগুলো সঠিকভাবে টোল পরিশোধ করেনি। এখন সঠিক ওজন দেখানোয় টোল বেড়েছে। নতুন সফটওয়্যার ব্যবহারে সময় একটু বেশি লাগছে। তবে দু-এক দিনের মধ্যেই এ সমস্যা দূর হয়ে যাবে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ গতকাল দুপুরে বলেন, টোল প্লাজায় চালক ও সেতু কর্তৃপক্ষের সঙ্গে টোল নিয়ে বাগ্বিতণ্ডা এবং কিছু চালক টোল প্লাজা থেকে গাড়ি ঘুরিয়ে নেওয়া ইত্যাদি কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে
পুলিশ যানজট নিরসনের চেষ্টা করে যাচ্ছে।