বঙ্গবন্ধু সেতুর দুটি ওজন স্টেশনের একটি বিকল
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারের দুটি ওজন স্টেশনের একটি গত সোমবার থেকে অচল হয়ে রয়েছে। স্টেশন সচল করতে সেতু রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ বিকল স্কেলের পুরোটা ভেঙে সংস্কার শুরু করেছে। এতে সেতুর উভয় পারে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজট। সেতু রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষ, বাসচালক ও সহকারীদের সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে আকস্মিকভাবে ওই ওজন স্টেশনটি বিকল হয়ে যায়। ইতিমধ্যে ওজন স্টেশনের ক্ষতিগ্রস্ত সংযোগ সড়কটিও ভেঙে ফেলা হয়েছে। এ অবস্থায় সচল একটি স্টেশন দিয়ে যানবাহন চলাচল করতে থাকায় এবং যানবাহনের ধীরগতির কারণে মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। সূত্র আরও জানায়, সেতুর ওপরের অংশে ফাটল মেরামতের কাজ অব্যাহত থাকায় এমনিতেই সব সময় একটি লেন বন্ধ রেখে অন্যটি চালু রাখা হয়। গতকাল বুধবার দুপুর পর্যন্ত সেতুর পশ্চিম পারে সিরাজগঞ্জ-ঢাকা-রাজশাহী সড়কের টোল প্লাজা থেকে সয়দাবাদ, কড্ডা ও কোনাবাড়ী পর্যন্ত দীর্ঘ যানজট লেগে ছিল। সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সোমবার বিকেল পাঁচটার দিকে মেরামতের জন্য ওজন স্টেশনের সামনের সড়কটি ভেঙে ফেলা হয়েছে। এতে মঙ্গলবার সকাল থেকে তীব্র যানজট দেখা দিচ্ছে। এ বিষয়ে সেতু রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান এমসিসিসি, এসইল (শামিম এন্টারপ্রাইজ লিমিটেড), ইউডিসি (উদয়ন ডেভেলপমেন্ট করপোরেশন) ও জেভির (জয়েন্ট ভেনচার) প্রধান প্রকৌশলী মোজামেঞ্চল হক জানান, ওজন স্টেশন সংস্কারের জন্য সংযোগ সড়কের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে। সড়কের ওপরের কংক্রিট তুলে ফেলে মেরামত কাজ শেষ করতে এক সপ্তাহ লাগতে পারে।