বঙ্গবন্ধু সেতুর পশ্চিম ওজন স্টেশন বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারের ওজন স্টেশন অন্তত ১৫ দিন ধরে বিকল রয়েছে। এ সুযোগে একদল অসাধু কর্মকর্তা-কর্মচারী উৎকোচ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করেই অতিরিক্ত মালবোঝাই ট্রাক পারাপারের অনুমতি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে সেতুর ফাটলের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।বঙ্গবন্ধু সেতুর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছয় চাকার ট্রাকের ওজনসহ ২০ টন মালামাল এবং ১০ চাকার ট্রাকের ওজনসহ ৩০ টন মালামাল পরিবহনের নিয়ম রয়েছে। কিন্তু বর্তমানে ছয় চাকার ট্রাকে ২৭ থেকে ৩০ টন, এবং ১০ চাকার ট্রাকে ৪০ থেকে ৪৫ টন মালামাল বোঝাই করার পরও সেতুর ওপর দিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এ জন্য অতিরিক্ত মালবোঝাই করা প্রতিটি ট্রাকের চালকের কাছ থেকে দেড় থেকে দুই হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছেন একদল কর্মকর্তা-কর্মচারী। সেতুর পশ্চিম পারের শ্রমিক সর্দার আব্দুল হাকিম গত বৃহস্পতিবার প্রথম আলোকে জানান, এর আগে প্রতিদিন অতিরিক্ত মালবোঝাই করা আড়াই থেকে তিন শ ট্রাক পশ্চিম পারে কিছু মালামাল খালাশ করত। নির্দিষ্ট পরিমাণ ওজনে আনার পর সেগুলোকে সেতুর ওপর দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হতো। কিন্তু ১৫ দিন ধরে একটি ট্রাকও মালামাল খালাশ করেনি। অতিরিক্ত মাল নিয়েই সেতুর ওপর দিয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা টাকা খেয়ে ট্রাকগুলো ছেড়ে দিচ্ছেন। সেতুর প্রকৌশলী মো. ওয়াহেদুজ্জামান জানান, অবৈধভাবে অর্থ আদায়ের কথা তিনি শুনেছেন। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, গত এক সপ্তাহ ধরে ওজন-স্টেশনের কিছু যন্ত্রাংশ নষ্ট হয়ে স্টেশনটি বিকল হয়ে রয়েছে। মেরামতের চেষ্টা চলছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, অতিরিক্ত মালামাল নিয়ে প্রতিদিন অনেক ট্রাক সেতুর ওপর দিয়ে যাচ্ছে। অর্থের বিনিময়ে ওই ট্রাকগুলো পার হওয়ার অনুমতি পাচ্ছে, এমন অভিযোগ কেউ করেননি।