বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে তিন ঘণ্টা যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী-মফিজ মোড়ে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আটজন আহত হয়েছেন। সড়কের ওপর এলোপাতাড়িভাবে গাড়িগুলো পড়ে থাকায় প্রায় তিন ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। গতকাল মঙ্গলবার ভোর পাঁচটা থেকে যান চলাচলে বিঘ্ন ঘটে। হাইওয়েসংলগ্ন কড্ডা ট্রাফিক ফাঁড়ির সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, গতকাল ভোর পাঁচটার দিকে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান মহাসড়কের ওই স্থানে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানটি রাস্তায় উল্টে যায়। এ সময় ঢাকা ও উত্তরবঙ্গগামী আরও দুটি মালবোঝাই ট্রাক এগুলোর সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর ছিটকে পড়ে। এতে যান চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। মহাসড়কের উভয় দিকে আটকা পড়ে কয়েক শ যান।