বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে তীব্র যানজট

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কয়েকটি স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে আজ শনিবার বিপাকে পড়েছেন ঘরমুখী মানুষেরা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে গোলচত্বর হয়ে বগুড়া অভিমুখে ১০ কিলোমিটার, গোলচত্বর থেকে হাটিকুমরুল-বোলপাড়া মহাসড়কে পাঁচ কিলোমিটার, বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। যানজটের কারণে গাড়িগুলো থেমে থেমে চলছে।
ভুক্তভোগী যাত্রী মো. শিবলী নোমান প্রথম আলো ডটকমকে জানান, নলকা সেতুর পূর্ব পাশে আধা ঘণ্টা ধরে আটকে ছিলেন তিনি। এরপর নলকা থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত পৌঁছাতে এক ঘণ্টা লেগেছে। অন্য সময় এটুকু পথ যেতে মাত্র ১০ মিনিট লাগে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ জানান, সড়কে অতিরিক্ত যানবাহন ও পশুবোঝাই ট্রাকের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া নলকা সেতুটি সরু হওয়ায় গাড়িগুলোকে ধীরে ধীরে চলতে হচ্ছে। এটিও যানজট সৃষ্টির অন্যতম কারণ। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছে।