বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশের বাঁধে ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশের গড়িলাবাড়িতে সেতু রক্ষা বাঁধে ভাঙন শুরু হয়েছে। এতে গত কয়েক দিনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার যমুনা নদীর তীরবর্তী কয়েকটি গ্রামের অর্ধশত ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে।

সরেজমিনে ভাঙনকবলিত গড়িলাবাড়িতে দেখা যায়, ভাঙনে সেতু রক্ষা বাঁধের অন্তত ৫০ মিটার নদীতে চলে গেছে। সেই সঙ্গে গড়িলাবাড়ি, বিনোদ লুহুরিয়াসহ কয়েকটি গ্রামে কমপক্ষে অর্ধশত ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসার উদ্দিন ভাঙনস্থল পরিদর্শন করেছেন। বাঁধটি দ্রুত মেরামত করা না গেলে আশপাশের সাত থেকে আট গ্রাম ভাঙনের শিকার হবে বলে জানিয়েছেন এলাকাবাসী।

ভাঙনের শিকার গড়িলাবাড়ি গ্রামের হাফিজুর রহমান বলেন, গত কয়েক দিনের ভাঙনে তাঁদের এলাকার চান মিয়া শিকদার, আবুল হোসেন, কোরবান আলী, বক্কার আলী, আবুল হোসেন মণ্ডল, আকবর আলী, আবদুল হাই, শাহাদত হোসেনসহ আরও অনেক মানুষের বাড়িঘর নদীতে বিলীন হয়েছে। সবকিছু হারিয়ে তাঁরা এখন নিঃস্ব।

বঙ্গবন্ধু সেতু পূর্ব সাইট অফিসের সহকারী প্রকৌশলী ওয়াশিম আলী বলেন, এই ভাঙন মূল সেতু এলাকার বাইরে। ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা চলছে।

২০০৩ সালে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে কালিহাতী উপজেলার গড়িলাবাড়ি এলাকায় গাইড বাঁধে ব্লক ও কার্পেটিং করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। বাঁধ তৈরির মাত্র ১৪ বছর পরই এই বাঁধের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে।