বঙ্গবন্ধু সেতুর রেললাইনে ফাটল, ট্রেন চলাচলে বিঘ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু সেতুর রেল সংযোগ সড়কে মির্জাপুর ও মৌচাক রেলস্টেশনের মাঝামাঝি একটি সেতুর (৩৭ নম্বর সেতু) ওপর রেললাইনে ফাটল দেখা দিয়েছে। ফাটলের কারণে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ট্রেন চলাচল বিঘ্নিত হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
ওই দুই রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, গতকাল সকাল সোয়া আটটার দিকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেন রেললাইনের ওই স্থান অতিক্রম করার পর ফাটলের বিষয়টি ধরা পড়ে। এতে ঢাকা থেকে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর রেলওয়ে কর্তৃপক্ষ নির্ধারিত গতির চেয়ে খুব কম গতিতে বেলা সোয়া ১১টার দিকে ট্রেনটিকে কোনো রকমে সেতু পার করিয়ে খুলনার দিকে যাওয়ার সুযোগ করে দেয়। একই সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটিকে দুর্ঘটনার আশঙ্কায় মির্জাপুর রেলস্টেশনে থামিয়ে রাখা হয়।
মির্জাপুর রেলস্টেশন সূত্র জানায়, ঈদের পর ঢাকাগামী ট্রেনে অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে লাইন ফেটে যায়। পরে মির্জাপুর রেলস্টেশনের সাইডিং লাইন থেকে একটি রেললাইন খুলে ফেটে যাওয়া লাইনে প্রতিস্থাপন করা হলে দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মৌচাক রেলস্টেশন মাস্টার আবদুর রহমান বলেন, নীলসাগর এক্সপ্রেস সেতু অতিক্রমের পর লাইনে ফাটলের বিষয়টি তাঁরা জানতে পারেন। যাত্রী কম থাকায় সুন্দরবন এক্সপ্রেসকে ওই সময় সেতু অতিক্রম করতে দেওয়া হয়।
মির্জাপুর রেলস্টেশন মাস্টার বকুল মিয়া বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে একতা এক্সপ্রেসকে থামিয়ে রাখা হয়েছিল।